রোববার (১৯ জুলাই) ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসের হলরুমে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে এক স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে সংঘটিত গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ ও উল্লেখযোগ্য ভূমিকাকে স্মরণ করার জন্যই এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শিক্ষার্থীদের সংগ্রাম ও চূড়ান্ত বিজয়ের ওপর ভিত্তি করে তৈরি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পাশাপাশি, সেই সময়ের গুরুত্বপূর্ণ কিছু আলোকচিত্রের একটি প্রদর্শনীও আয়োজন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। তিনি তাঁর বক্তৃতায় জুলাই বিপ্লবের ধারাবাহিক প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, এই আন্দোলনের চেতনা যাতে বাস্তবায়িত হয়, সেদিকে তরুণ প্রজন্মকে নজর দিতে হবে। দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি। সম্মুখসারির অভিজ্ঞতা ও আন্দোলনের দিনগুলোর সংগ্রামের কথা বর্ণনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনাইদুর রহমান খান ও বুশরা করিম তাইন।

ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের প্রভাষক মোস্তাফিজুর রহমান জুলাই আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব এবং জাতি গঠনে শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসের প্রভোস্ট মেজর আহমেদ সুমন সুবহান (অব.) বলেন, একটি দেশের উন্নয়ন মূলত নির্ভর করে সচেতন, সমাজমনস্ক ও দায়িত্বশীল নেতৃত্বের ওপর, যারা দেশের সেবায় নিয়োজিত থাকবে। তিনি তরুণদের দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করেন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।