জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল থেকে স্নাতকোত্তর (থিসিস), এমফিল ও পিএইচডি পর্যায়ের মোট ৬৪২ জন শিক্ষার্থীকে ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে চেক হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাঁরা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাঁদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (থিসিস) পর্যায়ের ৪৯৮ জন শিক্ষার্থী জনপ্রতি ৯ হাজার ৯৮০ টাকা করে পেয়েছেন। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিলের ৪৯ জন শিক্ষার্থী জনপ্রতি ২৪ হাজার টাকা করে অনুদান পেয়েছেন। পিএইচডি শিক্ষার্থীদের জন্য তিনটি ভিন্ন ক্যাটাগরিতে অর্থ বরাদ্দ করা হয়েছে: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৪০ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (দ্বিতীয়বার) ২৫ জন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (দ্বিতীয়বার) ৩০ জন সহ মোট ৯৫ জন শিক্ষার্থী জনপ্রতি ৩৬ হাজার টাকা করে পেয়েছেন। সব মিলিয়ে পিএইচডি শিক্ষার্থীদের জন্য ব্যয় হয়েছে ৩৪ লাখ ২০ হাজার টাকা।

অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন তাঁর বক্তৃতায় বলেন, গবেষকদের গবেষণা অনুদানের চেক প্রদান করতে পেরে তারা সন্তুষ্ট। তিনি উল্লেখ করেন, আগের শিক্ষাবর্ষের তুলনায় বর্তমান শিক্ষাবর্ষে গবেষণা খাতে প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহির প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন তাঁর বক্তব্যে গবেষণার মানোন্নয়নের ওপর জোর দেন। এ ছাড়া তিনি এই সামান্য সহায়তা শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ গবেষণাকে উৎসাহিত করে এবং ভবিষ্যৎ গবেষক তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখে। তাঁর মতে, এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।