ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট সংস্করণে বড়সড় পরিবর্তন এসেছে। দীর্ঘ আলোচনার পর জো রুটকে পুনরায় টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব অর্পণ করা হয়েছে। ৫৩ বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো কোনো জাতীয় দলের প্রধান কোচের পদে ছিলেন না, তবে চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে আইপিএলে রেকর্ড পাঁচবার শিরোপা জিতিয়েছেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুর দিকে দলের ধারাবাহিক ব্যর্থতা এবং মাঠের বাইরের নানা ঘটনার কারণে ইংল্যান্ড টেস্ট দলের কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দেওয়া হয়। তবে ম্যাককালাম এখনও ইংল্যান্ডের সীমিত ওভারের দলগুলোর কোচের দায়িত্বে বহাল রয়েছেন। ম্যাককালামের বরখাস্তের পর ফ্লেমিংয়ের নাম আলোচনায় আসে।
ফ্লেমিং ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদ। এই দায়িত্ব পাওয়ায় আমি নিজেকে সম্মানিত বোধ করছি।’ তবে ফ্লেমিং আগামী ১৯ আগস্ট থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে উপস্থিত থাকবেন না। এই সময়ে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ফ্লেমিং গ্রীষ্মের শেষে যুক্তরাজ্যে পৌঁছানোর আগে নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। এরপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি শুরু করবেন।
অন্যদিকে জো রুট এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ৩৫ বছর বয়সী রুটের নেতৃত্বে ইংল্যান্ড ৬৫ ম্যাচে রেকর্ড ২৭টি টেস্ট জয় অর্জন করে। নতুন করে অধিনায়কত্ব পাওয়ায় রুট বলেছেন, ফ্লেমিংয়ের মতো অভিজ্ঞ ও প্রমাণিত নেতার সঙ্গে কাজ করা তাঁর জন্য বিশাল প্রেরণার বিষয়। তিনি আরও মন্তব্য করেন, ফ্লেমিং দীর্ঘ সময় ধরে প্রমাণ করেছেন যে তিনি ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী এবং একজন অসাধারণ নেতা। তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানান রুট।




