ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের বৈঠক চলাকালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমের সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। শিক্ষার্থীবান্ধব ও স্বচ্ছ আবাসন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে এই ঘেরাও কর্মসূচি পালিত হয় বলে জানান তারা। ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে যাও’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’ ও ‘গেস্টরুমের পায়তারা, রুখে দেবে ছাত্ররা’সহ নানা স্লোগানে সিনেট ভবন মুখরিত রাখেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ। সন্ধ্যা সাতটার দিকে তারা সিন্ডিকেট রুমের বাইরে শাহবাগ থানায় তাদের ওপর হামলার ঘটনা নিয়ে সহকারী প্রক্টর এনামুল হক সজীব, রেজাউল করিম সোহাগ ও শান্টু বড়ুয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এ সময় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমেই শাহবাগের হামলার ঘটনার নিয়মতান্ত্রিক সমাধান তারা চেয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের মতোই পুরোনো ছাত্রসংগঠনের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, চাইলে তারা শাহবাগে পাল্টা হামলা চালাতে পারতেন, কিন্তু ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা তা করেননি। সিনেট ভবনের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত থাকে।