পরিবেশবান্ধব শিল্পায়ন ও নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টিভিইটি) ভূমিকা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার বিআইএমের কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রিন জবস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ম্যানেজমেন্ট: দ্য রোল অব বিআইএম ইন এনগেজিং এমপ্লয়ারস অ্যান্ড টিভিইটি’ শিরোনামের এই আয়োজনে বেলা ৩টায় শুরু হয় আলোচনা।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদূন নাসের খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমান যুগে সনদপত্রের চেয়ে দক্ষতা অর্জনের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়া জরুরি। প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো কর্মীরা, তাই তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও অপরিহার্য। তিনি উল্লেখ করেন, একটি ছোট দুর্ঘটনাও শুধু একটি পরিবার নয়, পুরো প্রতিষ্ঠানের জন্যই বড় ক্ষতি ডেকে আনতে পারে। বিশ্বব্যাপী সবুজ শিল্পায়ন ও সবুজ দক্ষতার চাহিদা বাড়ছে এবং সরকার এ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।
বিআইএমের ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান মোহাম্মদ নাজমী নেওয়াজ তার বক্তব্যে বলেন, পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলা কেবল প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, ব্যক্তিজীবনেও পরিবেশ সংরক্ষণের চর্চা করতে হবে। এই লক্ষ্যে বিআইএম সফট স্কিল উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকে। তিনি আরও বলেন, সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। নিরাপত্তা একটি সংস্কৃতি—যদি ‘নিরাপদ থাকতে চাই’ এই মানসিক প্রস্তুতি তৈরি না হয়, তবে শুধু যন্ত্র বা নিরাপত্তা সরঞ্জাম দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি পরিবর্তনের প্রতি আস্থা রাখতে হবে।
সেমিনারে সবুজ কর্মসংস্থানের প্রসার, শিল্পক্ষেত্রে নিরাপত্তার পরিবর্তিত চাহিদা এবং নিয়োগদাতাদের সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতের সম্পৃক্ততা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি ও বেসরকারি উভয় খাতে টিভিইটির সুযোগ সম্প্রসারণের বিষয়েও অংশগ্রহণকারীরা মতামত দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইএমের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সলিম উল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের আক্কাস আলী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাভেদ শফিউল্লাহ।
সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা নিজেদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। আলোচনায় টিভিইটির মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দেওয়া হয়।




