সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন মিনহাজ উদ্দিন (২৫) নামের এক যুবক। তিনি উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। আজ শনিবার সকাল সাতটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। এর আগে গতকাল শুক্রবার রাত তিনটার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, মিনহাজসহ কয়েকজন গতকাল রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। মেঘালয়ের লাখাট স্টেশন এলাকায় পৌঁছালে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি মিনহাজের শরীরে লাগলে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁর সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন জানান, মিনহাজ সুপারির ব্যবসা করতেন। গতকাল রাতে তিনি শ্রমিকদের নিয়ে ভারত থেকে সুপারি সংগ্রহ করতে গিয়েছিলেন। সুপারি নিয়ে ফেরার পথেই খাসিয়াদের গুলির মুখে পড়েন তারা।
নিহত মিনহাজের বড় ভাই অসুস্থ এবং বাবা বয়স্ক। ফলে সংসারের পুরো দায়িত্ব ছিল তার কাঁধেই। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য মিনহাজের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।




