ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চলতি বছরের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (কাসা) জমার পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা বাড়াতে সক্ষম হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্জন প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের দক্ষতার পরিচয় বহন করে। সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট সংগ্রহে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। সম্পর্কভিত্তিক ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক সেবার ওপর জোর দিয়ে ব্যবসা সম্প্রসারণে টেকসই কৌশল অনুসরণ করছে সংস্থাটি।

গত শনিবার ব্যাংকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্য উদযাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, রিজিওনাল হেড, ব্রাঞ্চ ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের মূল চালিকাশক্তি। তিনি আরও উল্লেখ করেন, বছরের পর বছর ধরে গ্রাহকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের যে সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে, এই প্রবৃদ্ধি তারই প্রমাণ। গ্রাহকদের আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।