রাজধানীতে গত দুই দিনে পরিচালিত পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. জহির হাওলাদার (৫৪), একই দলের অঙ্গসংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২) এবং নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রায়হান ইসলাম ওরফে রাতুল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় থেকে রায়হান ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। এছাড়া গণ-অভ্যুত্থানের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের দমন করতে তাঁর নেতৃত্বে হামলার ঘটনাও ঘটে বলে জানা যায়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে দুই বছরের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে শাহ আলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এর ১৫ মিনিট আগে মিরপুরের লাভ রোডে অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে আটক করা হয়। পুলিশের এই অভিযান রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর সদস্যদের বিরুদ্ধে চলমান তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।