চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বিএনপি নেতার। নিহত জামাল হোসেন (৪৯) আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন ধরে যায়। সেই সময় জামাল নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল হোসেন এক মেয়ে ও দুই ছেলের জনক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জামাল হোসেন স্থানীয় আলী আহমদের ছেলে। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জামাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যরা শোকার্ত। এ ঘটনা নিয়ে আনোয়ারা উপজেলার বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হচ্ছে।