ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নওরিন নামের আড়াই বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন। তার আগে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। শিশুটির মাথায় গুরুতর জখম ছিল বলে পরিবারের সদস্যরা জানান। ঘটনার বিবরণে নিহতের বাবা নাজিম মিয়া বলেন, বিকেলে কাজের জন্য বাসা থেকে বের হওয়ার সময় তাঁর ছোট মেয়ে নওরিনও সঙ্গে যাওয়ার জিদ ধরে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাইরে বের হন। হঠাৎ তাঁর হাত ছেড়ে নওরিন কিছুটা সামনে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বেগুনবাড়ী ঢাল সড়ক দিয়ে দ্রুত চলমান একটি ব্যাটারিচালিত রিকশা তাকে পিষে ফেলে। সড়কে লুটিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। নাজিম মিয়া পেশায় ভ্যানচালক। তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামে। বর্তমানে রাজধানীর বেগুনবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তারা। দুই ভাই-বোনের মধ্যে নওরিন দ্বিতীয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটে।