যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জুয়েল সরদার (২৬) নামের এক তরুণ আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর শহরের যশোর–সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মধ্যকুল নাথপাড়া সড়কের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং আহত অবস্থায় জুয়েলকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জুয়েল মধ্যকুল নাথপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালের জরুরি বিভাগে তাঁর ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে চিকিৎসক জিহাদুল ইসলাম জানান, আহত ব্যক্তির পায়ের ক্ষতস্থানে বারুদের গন্ধ বা বারুদের পোড়ার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে পুলিশ স্প্লিন্টার ও কাচের গুলিসদৃশ বস্তু উদ্ধার করেছে। সেখানে দুটি পোঁটলা পড়ে থাকতে দেখা গেছে, যা নিরাপত্তার জন্য পুলিশ ঘিরে রেখেছে। এসব নিষ্ক্রিয় করতে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মঞ্জুয়ারা বেগম বলেন, সকালে তিনি বিকট শব্দ শুনতে পান। পরে প্রতিবেশীদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখেন জুয়েল আহত অবস্থায় কাতরাচ্ছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, গুলিসদৃশ ককটেল বিস্ফোরণে জুয়েল আহত হয়েছেন। বিকেল চারটার দিকে তিনি জানান, জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তবে এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।




