চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শুক্রবার বিকেলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার মইজ্জারটেক এলাকায় শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে রাস্তার পাশে থেমে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় পেছন থেকে সজোরে আঘাত হানে একটি যাত্রীবাহী বাস। বাসটির গতি ছিল অত্যন্ত বেশি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরে থাকা চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও বাসটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাসচালককে আটকের চেষ্টা চলছে।