বগুড়া-নওগা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে জেলার এরুলব্রিজ সিল্কিবান্দা এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাস মহাসড়কের উক্ত স্থানে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে এবং সেখানে কাজের সন্ধানে অপেক্ষমান শ্রমিকদের ওপর চাপা পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী সকলেই স্থানীয় বাসিন্দা ও শ্রমজীবী মানুষ। দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বাকি আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



