চিকেন মিট বক্স নামে পরিচিত এই পদটি তৈরি করতে লাগবে মুরগির ব্রেস্ট, আলু, মেয়নেজ, টমেটো কেচাপ ও চিজসহ বেশ কিছু উপকরণ। শুভাগতা দেবাশীষের দেয়া রেসিপিটি অনুসরণ করলে সহজেই ঘরে বসে এটি বানানো সম্ভব।
উপকরণের মধ্যে রয়েছে— দুটি মুরগির ব্রেস্ট (কিউব করে কাটা), এক চা-চামচ করে আদাবাটা ও রসুনবাটা, এক চা-চামচ পাপরিকা বা মরিচগুঁড়া, আধা চা-চামচ করে গোলমরিচের গুঁড়া ও জিরাগুঁড়া, এক চা-চামচ সয়া সস, এক টেবিল চামচ তেল ও স্বাদমতো লবণ। এছাড়া দরকার দুটি বড় আলু, দুই টেবিল চামচ মেয়নেজ ও টমেটো কেচাপ, এক টেবিল চামচ বারবিকিউ সস (ঐচ্ছিক), এক কাপ মোজারেলা বা চেডার চিজ, এক চা-চামচ চিলি ফ্লেক্স ও সামান্য ওরিগানো।
প্রস্তুত প্রণালি শুরু হয় মুরগির মাংস ম্যারিনেট করার মাধ্যমে। কিউব করে কাটা মুরগির টুকরোর সঙ্গে আদা-রসুনবাটা, পাপরিকা, গোলমরিচ, জিরাগুঁড়া, সয়া সস, তেল ও লবণ ভালোভাবে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর একটি প্যানে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট ধরে মাংস রান্না করে নিতে হবে।
এদিকে আলু ফ্রেঞ্চফ্রাইয়ের মতো লম্বা করে কেটে মুচমুচে করে ভেজে নিন। একটি ওভেন-প্রুপ পাত্রের তলায় প্রথমে ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে তার ওপর রান্না করা চিকেন ছড়িয়ে দিন। এর ওপর মেয়নেজ, টমেটো কেচাপ ও বারবিকিউ সস জিগজ্যাগ পদ্ধতিতে ছড়িয়ে দিন। শেষে গ্রেট করা চিজ সমানভাবে ছড়িয়ে দিন।
স্বাদ বাড়াতে ইচ্ছা করলে সসেজ স্লাইস, মাশরুম, হালাপিনিয়ো, সুইট কর্ন বা নাগা সস যোগ করা যায়। পাত্রটি ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ থেকে ৭ মিনিট বেক করুন অথবা ভালোভাবে ঢেকে গরম করুন, যতক্ষণ না চিজ সম্পূর্ণ গলে যায়। পরিবেশনের আগে ওপরে চিলি ফ্লেক্স ও ওরিগানো ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।




