হেদায়েত বা সঠিক পথপ্রাপ্তি ইসলামি বিশ্বাসে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক অমূল্য অনুগ্রহ। এটি কেবল জ্ঞান বা বুদ্ধির ফল নয় বরং তা এক ঐশী দিকনির্দেশনা, যা মানুষকে সত্যের সন্ধান দেয় এবং সেই পথে অটল থাকতে সহায়তা করে। ইসলামের শিক্ষা অনুযায়ী, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন তবে এর অর্থ এই নয় যে তিনি কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করেন। মানুষকে ইচ্ছাশক্তি ও বিবেক দেওয়া হয়েছে; যারা আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী জীবন গড়তে চায়, তাদের জন্য হেদায়েতের পথ সহজ করে দেওয়া হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর যারা আমার পথে সাধনা করে, আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিকে পরিচালিত করব।’ (সুরা আনকাবুত, আয়াত: ৬৯)

হেদায়াতপ্রাপ্ত ব্যক্তির জীবনে কয়েকটি স্পষ্ট লক্ষণ প্রকাশ পায়। সেগুলোর মধ্যে তিনটি প্রধান আলামত বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমত, পরকালমুখী হওয়া। হেদায়েতের অধিকারী ব্যক্তি দুনিয়াকে জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করেন না। তাঁর দৃঢ় বিশ্বাস, প্রকৃত ও স্থায়ী জীবন হলো পারকালের। দুনিয়ার প্রয়োজন পূরণ করলেও তাঁর অন্তরের আকাঙ্ক্ষা থাকে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের সফলতা। সম্পদ, পদমর্যাদা বা সম্মানকে তিনি জীবনের একমাত্র সফলতা হিসেবে দেখেন না, বরং এসবকে পরকালের পাথেয় হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। তাঁর দোয়া, পরিশ্রম ও পরিকল্পনার কেন্দ্রে থাকে আল্লাহর সন্তুষ্টি। এ কারণেই মুমিন ব্যক্তি প্রার্থনা করেন, ‘হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন।’ (সুরা বাকারা, আয়াত: ২০১)

দ্বিতীয় আলামত হলো দুনিয়ার মোহ ত্যাগ করা। এর অর্থ জীবন-জীবিকা ত্যাগ করা নয় বরং বৈধ উপার্জন ও পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি ভোগ-বিলাসের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। ইসলাম দুনিয়ার সম্পদ ও মর্যাদার মোহকে অন্তর থেকে আল্লাহর স্মরণকে উদাসীন করতে দেয় না। দুনিয়াকে গ্রহণ করতে হবে এমনভাবে যেন তা পরকালের সফলতা অর্জনের মাধ্যম হয়। অন্যদিকে, যাদের সব চিন্তা ও প্রচেষ্টার কেন্দ্রবিন্দু শুধু দুনিয়া, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ বলে, “হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতেই দাও।” অথচ পরকালে তার কোনো অংশ থাকবে না।’ (সুরা বাকারা, আয়াত: ২০০)

তৃতীয় আলামত হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যু মানবজীবনের অবধারিত সত্য; এর সময়, স্থান বা পদ্ধতি কারও জানা নেই। তাই একজন মুমিনের উচিত সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং এমনভাবে জীবন যাপন করা যাতে যেকোনো মুহূর্তে আল্লাহর সামনে উপস্থিত হলে লজ্জিত হতে না হয়। মহানবী (সা.) বলেছেন, ‘প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুপরবর্তী জীবনের জন্য আমল করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯)

হেদায়েতের প্রভাব মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তাই প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর কাছে সর্বদা হেদায়েত প্রার্থনা করা এবং সেই দাবির সঙ্গে সঙ্গতি রেখে নিজের জীবন গড়ে তোলা।