গণিতের সর্বোচ্চ সম্মাননা ফিল্ডস মেডেল এ বছর চার তরুণ গণিতবিদের হাতে উঠেছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা হলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সের আইএইচইএস-এর হংক ওয়াং, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইউ ডেং, স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জন পার্ডন এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের জ্যাকব জিমারম্যান।
ফিল্ডস মেডেলের ৯০ বছরের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে এই পুরস্কার অর্জন করলেন হংক ওয়াং। এর আগে ২০১৪ সালে মরিয়াম মির্জাখানি এবং ২০২২ সালে মেরিনা ভিয়াজোভস্কা এই পুরস্কার পেয়েছিলেন। হংক ওয়াং তার গবেষণায় তরঙ্গসদৃশ সমীকরণ ব্যবহার করে বিভিন্ন আকৃতির স্থান দখলের পদ্ধতি নিয়ে কাজ করেছেন। ২০২৫ সালে জোশুয়া জাহলের সঙ্গে তিন মাত্রার কাকেয়া অনুমান প্রমাণ করে তিনি ৫০ বছর ধরে চলে আসা একটি বড় গাণিতিক ধাঁধার সমাধান দেন।
অন্যদিকে ইউ ডেং তরল পদার্থের গতিবিদ্যা নিয়ে গবেষণায় অসাধারণ সাফল্য দেখিয়েছেন। অণুবীক্ষণ যন্ত্রের নিচে তরলের অণুগুলো বিশৃঙ্খলভাবে চললেও বৃহৎ পরিসরে তারা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এক শতাব্দীরও বেশি সময় ধরে গণিতবিদেরা এই দুই আচরণের মধ্যে সম্পর্ক খুঁজতে ব্যর্থ ছিলেন। ডেং ও তার সহযোগীরা প্রমাণ করেছেন যে উভয় স্কেলে প্রবাহী পদার্থ ব্যাখ্যার সমীকরণ আসলে একই।
জন পার্ডন মাত্র ২১ বছর বয়সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে গণিতের নট থিওরির একটি জটিল সমস্যার সমাধান করেন। বিভিন্ন ধরনের গিঁট আলাদা করার কৌশল নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি ২৫ বছর ধরে অমীমাংসিত একটি ধারণাকে সহজ উপায়ে প্রমাণ করেন। অন্যদিকে জ্যাকব জিমারম্যান ও তার দল ২০২১ সালে বিখ্যাত আন্ড্রে-ওর্ট তত্ত্বের অনুমান প্রমাণ করেন। এই তত্ত্ব মূল সংখ্যার জটিল সমীকরণ ও বিশেষ গাণিতিক বিন্দুর কাঠামো বুঝতে সহায়তা করে।
পুরস্কার গ্রহণের পর জিমারম্যান বলেন, ‘আমাদের পৃথিবীতে বড় পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সবচেয়ে বড় ভয় হলো আমরা এর ভেতরের ব্যবস্থা ভালোভাবে বুঝি না। বিশুদ্ধ গণিত এই অজ্ঞতা দূর করতে পারে।’ তিনি এখন এআই গবেষণায় গণিতকে কাজে লাগানোর পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, কানাডীয় গণিতবিদ জন চার্লস ফিল্ডসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। তিনি ১৯২০-এর দশকে আন্তর্জাতিক গণিত সম্প্রদায়কে একত্রিত করতে উদ্যোগ নেন। নোবেল পুরস্কারের মতো প্রতিবছর নয়, ফিল্ডস মেডেল দেওয়া হয় প্রতি চার বছর পরপর। বিজয়ীদের বয়স অবশ্যই ৪০ বছরের কম হতে হবে। সূত্র: সায়েন্টিফিক আমেরিকান।




