ইসলাম ধর্মে অবসর সময়কে কেবল কাজের চাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ নয়, বরং একটি মানসিক অবস্থা হিসেবে দেখা হয়। বর্তমান করপোরেট সংস্কৃতিতে মানুষ সপ্তাহান্তের ছুটির অপেক্ষায় থাকলেও মানসিক ক্লান্তি ও উদ্বেগ থেকে মুক্তি পায় না। ইসলাম এ প্রসঙ্গে ভিন্নমাত্রা যোগ করে, যেখানে অবসর বলতে বাহ্যিক পরিবেশ নয়, বরং মনের একটি প্রশান্ত অবস্থাকে বোঝানো হয়েছে।
মহানবী (সা.) এক হাদিসে ইরশাদ করেছেন, "দুটি নেয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষই প্রতারণার শিকার হয়: সুস্বাস্থ্য ও অবসর সময়।" (সহিহ বুখারি) আরবিতে অবসরকে 'ফারাগ' বলা হয়, যার অর্থ কোনো স্থান খালি করা বা মুক্ত করা। ইসলামের দৃষ্টিতে অবসর মানে নিষ্ক্রিয়তা নয়; বরং দুনিয়ার কোলাহল থেকে মনকে খালি করে আধ্যাত্মিক কাজে নিযুক্ত করা।
অবসর নিয়ে মানুষের একটি সাধারণ ভুল ধারণা আছে। অনেকে মনে করেন, ছুটি না পেলে বা কাজের চাপ বেশি থাকলে মানসিক শান্তি পাওয়া যায় না। কিন্তু বাস্তবে দেখা যায়, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তাদের মন অনেক সময় শান্ত থাকে; আবার পাঁচতারা রিসোর্টে ছুটি কাটানোর সময়ও অফিসের ইমেল ও ভবিষ্যৎ উদ্বেগ পিছু ছাড়ে না। ইবনুল জাওজি তাঁর 'সাইদুল খাতির' গ্রন্থে বলেছেন, অন্তরের প্রকৃত স্বাধীনতা দুনিয়ার মোহ থেকে মুক্তির মাধ্যমেই অর্জিত হয়; বাহ্যিক মুক্তি প্রকৃত শান্তি এনে দেয় না।
একজন মুমিনের সময়ের অনুভূতি আর অবিশ্বাসীর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। মুমিন যখন আল্লাহর ওপর ভরসা করে, তখন সে জানে তার রিজিক ও জীবন সব আল্লাহর হাতে। এই বিশ্বাস তাকে ব্যস্ততার মধ্যেও প্রশান্তি দেয়। অন্যদিকে, বস্তুগত জগতে বিশ্বাসী ব্যক্তি সব সময় তাড়ায় থাকে, সময় ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় অতৃপ্তি তাকে হতাশায় ডুবিয়ে দেয়। সুরা আসরে আল্লাহ সময়ের শপথ করে বলেছেন, "নিশ্চয় মানুষ চরম ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে।"
কোরআনে মানসিক অবস্থা বোঝাতে 'শারহ' (বুকের প্রসারণ) ও 'যিক' (বুকের সংকীর্ণতা) শব্দ ব্যবহার করা হয়েছে। সুরা আনআমে বলা হয়েছে, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বুক ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ করে দেন। নবীজির জীবনে 'শাক্কে সদর' বা হৃদয় বিদীর্ণ করে ধৌত করার ঘটনা শৈশব ও মিরাজের প্রাক্কালে ঘটে। ফেরেশতারা জমজমের পানি দিয়ে তাঁর হৃদয় ধুয়ে ইমান ও হেকমত দিয়ে পূর্ণ করেন, যাতে তিনি ওহির ভার বহন করতে পারেন।
সুরা ইনশিরাহতে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, "নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি আছে।" এরপর অবসর নিয়ে নির্দেশনা আসে, "যখন তুমি অবসর পাবে, তখন ইবাদতে নিযুক্ত হও এবং তোমার প্রতিপালকের দিকেই পূর্ণ মনোযোগী হও।" এই আয়াত থেকে বোঝা যায়, ইসলামে অলস বসে থাকার কোনো অবকাশ নেই। দৈনন্দিন কাজ শেষ মানে জীবন থেমে যাওয়া নয়, বরং শুরু হয় আরেকটি কাজ—আল্লাহর দরবারে একান্তে দাঁড়ানো। ইমাম গাজালি তাঁর 'ইহইয়াউ উলুমিদ্দিন' গ্রন্থে বলেছেন, মুমিনের প্রকৃত অবসর হলো রুটিন কাজ থেকে মুক্ত হয়ে আরও গভীর আত্মিক শ্রমে লিপ্ত হওয়া, যা ক্লান্ত না করে নতুন শক্তি দেয়।
সব মিলিয়ে, ইসলাম অবসরকে একটি মূল্যবান নিয়ামত হিসেবে দেখে। মানুষ যখন সুস্থ ও অবসরপ্রাপ্ত থাকে, তখন তার উচিত এই সময়কে ইবাদত, আত্মশুদ্ধি ও সৎকাজে ব্যয় করা। বাহ্যিক ছুটির পেছনে না ছুটে, অন্তরের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহমুখী হওয়াই আসল অবসর, যা কোনো রিসোর্ট বা ছুটি দিতে পারে না।




