কোম্পানির সংস্কৃতিকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ মনে করেন। কিন্তু সেই সংস্কৃতির সংজ্ঞা দিতে গেলে বিভ্রান্তি শুরু হয়। মিশিগান ইউনিভার্সিটির মার্কেটিং অধ্যাপক মার্কাস কলিন্সের অভিজ্ঞতা এমনটাই বলছে। তিনি যখন প্রধান জনবল কর্মকর্তা (সিপিও) এবং নিয়োগকারীদের কাছে সংস্কৃতির সংজ্ঞা জানতে চান, তখন তাদের কাছ থেকে জটিল ও অস্পষ্ট উত্তর পান। কলিন্স বলেন, "এত বেশি বিমূর্ত ধারণা, এত জার্গন ছিল যে সত্যিই সেটা ছিল শূন্যতার ভান্ডার।" এই অভিজ্ঞতার পর তিনি একটি সংজ্ঞা তৈরি করার চেষ্টা করেন, যার ভিত্তি হলো—নেতারা যদি সংস্কৃতিকে স্পষ্টভাবে বর্ণনা করতে না পারেন, তাহলে সঠিক মানুষকে আকর্ষণ বা ধরে রাখতে পারবেন না।

কোম্পানির সংস্কৃতি নির্ধারণে অনেকে যে বিষয়টিকে ভুলভাবে গুরুত্ব দেন, সেটি হলো তাদের মূল্যবোধ। কলিন্সের মতে, এইচআর নেতারা প্রায়ই মূল্যবোধ এবং বিশ্বাসকে এক করে ফেলেন। বিশ্বাস হলো সেই সত্য যা কোম্পানি পৃথিবী সম্পর্কে ধারণা করে; আর মূল্যবোধ হলো তারা যা গুরুত্বপূর্ণ মনে করে। সংস্কৃতির সূচনা কিন্তু প্রথমোক্তটি থেকে। এই প্রেক্ষিতে কলিন্স এইচআর প্রধানদের নিজেদের প্রশ্ন করতে বলেন—আমরা কী বিশ্বাস করি? আমাদের আচরণ কি সেই বিশ্বাসের প্রতিফলন? বিশ্বাস এবং আচরণের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে সেই অসঙ্গতিকে প্রথমে সমাধানের পরামর্শ দেন তিনি।

উদাহরণ হিসেবে ওয়েলস ফার্গোর কথা উল্লেখ করেছেন কলিন্স। ২০০০-এর দশকের শুরুতে কঠোর বিক্রি লক্ষ্যমাত্রা পূরণের চাপে ওই প্রতিষ্ঠানের কর্মীরা গ্রাহকদের জন্য অনুমোদনবিহীন অ্যাকাউন্ট খুলেছিলেন। প্রতিষ্ঠানটি বিশ্বাস এবং সততার মতো মূল্যবোধের কথা বললেও তাদের আচরণে প্রতিফলিত হয়েছিল অন্য এক বিশ্বাস, যেখানে কর্মীদেরকে প্রত্যাশার চেয়ে বেশি পারফর্ম করতে হবে। এই অসামঞ্জস্যের কারণেই কলিন্স মনে করেন, সংস্কৃতি কখনো সুবিধা বা আনুষ্ঠানিকতা নয়; বরং এটি সেই মৌলিক বিশ্বাস যা একটি কোম্পানির পরিচালনার পথ দেখায়। এর বিপরীতে প্যাটাগোনিয়ার উদাহরণ টেনেছেন তিনি। পরিবেশের ওপর প্রভাব কমানোর প্রতিশ্রুতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিজেদের সংগঠিত করেছে প্রতিষ্ঠানটি।

নেতাদের নিজেদের 'নর্থ স্টার' চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করছেন কি না তা যাচাই করার পরামর্শ দেন কলিন্স। তিনি বলেন, "এইচআর প্রধানদের প্রতি আহ্বান, প্রথমে বিশ্বকে দেখার আপনার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করুন। সংস্কৃতি সম্পর্কে তাদের চিন্তার পরিধি বাড়ান, যাতে তারা সেখানে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারেন।" উল্লেখ্য, ফরচুন ডট কমে মূল প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।