দেশের মোবাইল অপারেটর এয়ারটেল আনুষ্ঠানিকভাবে তাদের ব্র্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করেছে। এখন থেকে এই অপারেটরটি ‘সার্কেল’ নামে পরিচিত হবে। নতুন এই ব্র্যান্ডের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘আসল সংযোগ, সব সময় সচল’। সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা।

ব্র্যান্ড পরিবর্তনের পরও গ্রাহকদের কোনো সমস্যায় পড়তে হবে না বলে জানানো হয়েছে। বিদ্যমান ০১৬ সিরিজের সব নম্বর, ব্যালেন্স, সেবা এবং প্যাকেজ অপরিবর্তিত থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন।

ঘোষণা অনুষ্ঠানে জিয়াদ সাতারা বলেন, বাংলাদেশে এয়ারটেলের ১৬ বছরের পথচলায় তারা সবার জন্য সেরা নেটওয়ার্ক, অফার ও সেবা নিশ্চিত করতে কাজ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের চাহিদা ও প্রযুক্তির ব্যবহার পদ্ধতি বদলেছে, তাই এই বিবর্তন। তবে গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি আগের মতোই অটুট থাকবে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, এয়ারটেল এক প্রজন্মের কাছে আবেগের জায়গা তৈরি করেছিল এবং তাদের সংযুক্ত থাকার পদ্ধতি শিখিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রজন্মের চাহিদাও বদলে গেছে। নতুন নামটি আরও প্রাসঙ্গিক, গতিশীল ও অনুপ্রেরণাদায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

সার্কেলের হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল তাহসিনা রাফা জানান, রবি আজিয়াটার দুটি ব্র্যান্ড ছিল — রবি ও এয়ারটেল। তরুণদের জন্য নিবেদিত এয়ারটেল ব্র্যান্ডটি এখন নতুন পরিচয় পাচ্ছে। গ্রাহকদের সিম পরিবর্তনের প্রয়োজন নেই এবং নতুন ব্র্যান্ডে বাজারের সেরা অফারগুলো পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।