আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে চ্যাটের চেহারা বদলানোর এক নতুন সুযোগ এসেছে। এবার থেকে চ্যাটের ব্যাকগ্রাউন্ড নিজের পছন্দমতো সাজানো যাবে, পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহারের সুযোগ থাকছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চ্যাট থিমগুলোকে পাঁচটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে — ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।
ফিচারড বিভাগে থাকছে হোয়াটসঅ্যাপের নকশা দলের বাছাই করা বিভিন্ন থিম। যারা প্রাকৃতিক দৃশ্য ব্যাকগ্রাউন্ডে রাখতে পছন্দ করেন, তাদের জন্য নেচার বিভাগে রয়েছে প্রকৃতির নানা দৃশ্য। লাইভ বিভাগে যুক্ত হয়েছে অ্যানিমেটেড ওয়ালপেপার, যা থাম্বনেইলের উপরের ডানদিকের ছোট 'লাইভ' চিহ্ন দেখে সহজেই চেনা যাবে। ফিচারড বিভাগের কোনো থিমেও যদি অ্যানিমেশন থাকে, তবে সেই চিহ্নটি দেখা যাবে।
মিনিমাল বিভাগে ব্যাকগ্রাউন্ড থাকছে সাদামাটা — লাইট মোডে সাদা, আর ডার্ক মোডে কালো। অন্যদিকে ডুডল বিভাগে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার ওয়ালপেপার ব্যবহার করা যাবে। নতুন এই সুবিধা সব আইফোন ব্যবহারকারীর জন্য একসঙ্গে আসছে না; ধাপে ধাপে রোলআউট করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপ আপডেট করলেও এখনই সবার কাছে নতুন থিম দেখা নাও যেতে পারে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট নাইনটুফাইভম্যাক হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারির কথা জানিয়েছিল। সেই তথ্য অনুযায়ী এবার আইফোনে সেই সুবিধা চালু হচ্ছে।



