সাধারণ মানুষের সঙ্গে আবাসন খাতের মেলবন্ধন আরও দৃঢ় করতে এবং ভূমি উন্নয়ন ও ফ্ল্যাট কেনাবেচার বাস্তব অভিজ্ঞতা প্রদান করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ধানমন্ডির অর্চার্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির বিশেষ ইভেন্ট ‘এক্সপেরিয়েন্স এসইএল ২.০’। প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে নিবন্ধিত সর্বোচ্চ ৩০০ জন ব্যক্তি অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এই আয়োজনের মূল লক্ষ্য হলো নিরাপদ বিনিয়োগ এবং টেকসই আবাসন নিশ্চিত করা। এসইএলের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান জানান, গ্রাহকের আস্থা অর্জন এবং একটি সুপরিকল্পিত নগর গড়ে তোলাই এই উদ্যোগের উদ্দেশ্য। এটি হবে এমন এক প্ল্যাটফর্ম যেখানে ক্রেতারা কেবল কেনাকাটা করবেন না, বরং খাত বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন। একই সঙ্গে গৃহঋণসহ বিনিয়োগের বিভিন্ন আর্থিক সমাধান এখানে পাওয়া যাবে।
আবাসন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, আধুনিক নগর-পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং বিশেষ করে ভূমিকম্প-সহনশীল ভবন নির্মাণের কৌশল নিয়ে এই ইভেন্টে বিস্তারিত আলোচনা হবে। এই আয়োজনে বিভিন্ন শ্রেণির মানুষ উপকৃত হবেন। যেমন, শিক্ষার্থীরা আবাসন খাতের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় ব্যবহারিক জ্ঞান লাভ করবেন। জমির মালিকরা তাদের জমির সম্ভাবনা ও বাস্তব উপযোগিতা বুঝতে পারবেন। আর ক্রেতারা জানতে পারবেন একজন গ্রাহক হিসেবে তাদের প্রাপ্য সেবাগুলো কী কী, যা তাদের সঠিক প্রপার্টি নির্বাচনে সহায়তা করবে।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ক্রেতাদের জন্য থাকবে বিশেষ ছাড়ের সুযোগ। এছাড়া অন্দরসজ্জার পরামর্শের পাশাপাশি রেডিমিক্স কংক্রিট, ব্লক এবং এলিভেটরের মতো মানসম্মত পণ্য ও সেবার প্রদর্শনী থাকবে।
পুরো ইভেন্টের সময়সূচি অনুযায়ী, প্রথম দিন ৩ সেপ্টেম্বর বেলা তিনটায় ‘নকশা থেকে বাস্তবে রূপায়ণ’ সেশনের মাধ্যমে যাত্রা শুরু হবে। এরপর বিকেল চারটায় ভবনের কাঠামোর কার্যক্ষমতা ও ভূমিকম্প-সহনশীল নকশা নিয়ে আলোচনা হবে। দিনের শেষ পর্বে বিকেল সাড়ে পাঁচটায় প্রকৌশলী, স্থপতি, নগর-পরিকল্পনাবিদ এবং আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ‘আবাসন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।
দ্বিতীয় দিন, ৪ সেপ্টেম্বর বিকেল চারটায় ‘আবাসন উন্নয়নের জন্য সঠিক অংশীদার নির্বাচন’ এবং বিকেল সাড়ে পাঁচটায় ‘বাসযোগ্য শহরের পথে: নীতিমালা ও চর্চা’ বিষয়ে আলোচনা হবে। শেষ দিন, ৫ সেপ্টেম্বর বিকেল চারটায় ‘আত্মবিশ্বাসের সঙ্গে প্রপার্টি নির্বাচন’ সেশন এবং বিকেল সাড়ে পাঁচটায় ‘জলসিঁড়িতে উন্নত জীবনযাপনের ভবিষ্যৎ সম্ভাবনা’ শিরোনামে সমাপনী প্যানেল আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।




