বয়স ৯০ পেরোলেই স্বাভাবিক জীবনযাপন নিজেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের ডেল স্যান্ডার্স প্রমাণ করলেন, ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়। মার্কিন নৌবাহিনীর সাবেক এই সদস্য সম্প্রতি অ্যাপালেচিয়ান ট্রেইল নামে পরিচিত বিপজ্জনক পথটি অতিক্রম করে ইতিহাস সৃষ্টি করেছেন। পাহাড়, জঙ্গল আর খাড়া ঢালে ভরা এই পথের দৈর্ঘ্য ৩ হাজার ৫৩০ কিলোমিটার। এই দুর্গম পথ পেরিয়ে তিনি এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ডের মালিক।

তার এই অর্জন মোটেও সহজ ছিল না। দীর্ঘ এই যাত্রায় তিনি অন্তত ৭১ বার পড়ে গেছেন। এর মধ্যে ছয়বার গুরুতর আঘাত পান, এমনকি একবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবুও থেমে থাকেননি তিনি। অসাধারণ দৃঢ়তা আর মনোবল নিয়ে সামনে এগিয়ে চলেছেন।

গত বছর ৬ সেপ্টেম্বর পশ্চিম ভার্জিনিয়া থেকে তার যাত্রা শুরু হয়। যদিও প্রকৃত যাত্রাপথ শুরু হয় জর্জিয়ার স্প্রিঙ্গার মাউন্টেন থেকে। পথে কিছু সংক্ষিপ্ত বিরতি নিয়ে তিনি ট্রেইলের বিভিন্ন অংশ পার হন। অবশেষে ৩১ আগস্ট মেইন অঙ্গরাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কাটাহডিনে পৌঁছান। মজার বিষয় হলো, চূড়া থেকে মাত্র ২০০ গজ দূরে থাকতে তিনি শেষবারের মতো পড়ে গিয়েছিলেন।

তার জন্য এই ট্রেইল নতুন নয়। ২০১৭ সালে ৮২ বছর বয়সে প্রথমবার এই পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে তার বন্ধু এম জে ইবারহার্ট ৮৩ বছর বয়সে সেই রেকর্ড ভেঙে দেন। সেই রেকর্ড পুনরুদ্ধার করতেই আবারও ট্রেইলে নামার সিদ্ধান্ত নেন স্যান্ডার্স।

রেকর্ড নিজের করে নেওয়ার পর স্যান্ডার্স কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঈশ্বরের প্রতি ধন্যবাদ, পাশাপাশি তার সাপোর্ট টিম এবং সবাইকে ধন্যবাদ যারা তাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন। তিনি আরও বলেন, মানুষ যখন আপনার যত্ন নেয় এবং নানা উপায়ে সহায়তা করে, তখন দুর্গম পথের পাথরগুলো আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না।