রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসভবনে ঢুকে এক ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীর নাম মাইনুল ইসলাম (৩৫), তার ডান পায়ে গুলি লাগে।
ঘটনার পরপরই মাইনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথম আলোকে তিনি বলেন, পূর্বপরিচিত ছোট ভাই মাসুদ আহমেদের সাথে দেখা করতে তিনি উত্তর বাড্ডার ময়নারবাগ বউবাজার এলাকায় অবস্থিত মাসুদের বাসায় গিয়েছিলেন। কিছুক্ষণ সেখানে থাকার পর তামিম নামে একজনসহ তিন থেকে চারজন ব্যক্তি সেখানে প্রবেশ করেন। এরপর তামিম সরাসরি তার দিকে লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় তামিমের মুখে মাস্ক থাকলেও অন্যদের মাথায় হেলমেট ছিল বলে তিনি জানান।
মাইনুলের অভিযোগ, কয়েকদিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন দিন আগে গুলশান এলাকা থেকে আল আমিন নামে এক ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়া হয়। ওই ছিনতাইকারী তামিমের গ্রুপের সদস্য হওয়ায় তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, রাত দুইটার দিকে মাইনুল গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে আজ তিনি বাসায় ফিরে যান। মাইনুলের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ভাটারা নতুনবাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন।




