বিশ্বজুড়ে বর্তমানে ৯ মিলিয়নেরও বেশি লিস্টিং থাকা জনপ্রিয় আবাসন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি-র যাত্রা শুরু হয়েছিল অত্যন্ত সামান্যভাবে। এর প্রতিষ্ঠাতা ও সিইও ব্রায়ান চেস্কির সান ফ্রান্সিসকোতে অবস্থিত নিজের বাড়িতে মাত্র তিনটি বাতাসভর্তি বিছানা বা এয়ারবেড দিয়ে এই ব্যবসার সূচনা। একসময় চাকরি ছেড়ে একটি হোন্ডা সিভিক গাড়িতে করে সমস্ত জিনিসপত্র নিয়ে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করা চেস্কি তখন ঘরভাড়ার টাকা জোগাটে হিমশিম খাচ্ছিলেন। ঠিক সেই সময়েই তিনি লক্ষ্য করেন যে, সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনারস সোসাইটি অফ আমেরিকা’র আন্তর্জাতিক ডিজাইন কনফারেন্সের কারণে শহরের সমস্ত হোটেল বুক হয়ে গেছে। এই সুযোগটি কাজে লাগিয়ে তিনি এবং সহ-প্রতিষ্ঠাতা জো গেবিয়া তাদের বাড়িতে তিনজন অতিথিকে জায়গা দেওয়ার ব্যবস্থা করেন এবং জন্ম হয় ‘এয়ার-বেড-এন্ড-ব্রেকফাস্ট’ বা সংক্ষেপে এয়ারবিএনবি-র। ২০০৮ সালে তারা নাথান ব্লেচারজিকের সাথে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানটি চালু করেন।
ব্রায়ান চেস্কির এই সৃজনশীল পথ চলা সহজ ছিল না। নিউইয়র্কের আলবানিতে জন্মগ্রহণ করা চেস্কির বাবা-মা ছিলেন সমাজকর্মী। তারা চেয়েছিলেন ছেলে উচ্চবেতনের কোনো পেশা বেছে নিক। তবে তাঁদের ইচ্ছা উপেক্ষা করে তিনি রোড আইল্যান্ড স্কুল অফ ডিজাইনে আর্ট নিয়ে পড়াশোনা করেন। তাঁর মা তখন উপহাস করে বলেছিলেন, সমাজকর্মীর চেয়েও কম বেতন পাওয়া একমাত্র পেশাই সে বেছে নিয়েছে। তবে বর্তমান বাস্তবতায় চেস্কির সেই সিদ্ধান্তই তাকে কোটিপতির উচ্চাসনে বসিয়েছে। বর্তমানে এয়ারবিএনবি-র বাজারমূল্য ১১২ বিলিয়ন ডলার, যা এমনকি করোনা মহামারীর আগের স্তরের চেয়েও বেশি। উল্লেখ্য যে, মহামারীর প্রথম কয়েক মাসে কোম্পানিটি তাদের ব্যবসার প্রায় ৮০ শতাংশ হারিয়েছিল, তবে চেস্কির কৌশলী পুনর্গঠনের ফলে প্রতিষ্ঠানটি আবার ঘুরে দাঁড়ায়।
প্রতিষ্ঠার শুরুর দিকে চেস্কির এই ডিজাইন ব্যাকগ্রাউন্ড বা সৃজনশীলতা অনেক অভিজ্ঞ বিনিয়োগকারীর কাছে নেতিবাচক ছিল। কোম্পানিটির ১০ শতাংশ শেয়ারের বিপরীতে ১ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের জন্য ২০ জনেরও বেশি বিনিয়োগকারীর সাথে দেখা করেছিলেন তিনি, তবে সবাই তাকে প্রত্যাখ্যান করেন। বিনিয়োগকারীদের ধারণা ছিল যে ডিজাইনাররা কোম্পানি শুরু করতে পারে না। পরে যখন তারা প্রেসিডেন্ট প্রার্থীর থিমযুক্ত সিরিয়াল বক্স তৈরি করে নজর কাড়ে, তখন স্টার্টআপ এক্সিলারেটর ‘ওয়াই কম্বিনেটর’-এর প্রতিষ্ঠাতা পল গ্রাহাম তাদের প্রতি আগ্রহী হন। চেস্কির মতে, সৃজনশীল কোম্পানিগুলো কল্পনার শক্তি ব্যবহার করে এমন সব যুগান্তকারী ধারণা নিয়ে আসে, যা কেবল স্বল্পমেয়াদী ফলাফলের পেছনে ছোটা ব্যক্তিরা কখনোই পারে না।
তবে সাফল্যের সাথে সাথে এয়ারবিএনবি-র সামনে এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ। মহামারীর সময় হোস্টদের অভিজ্ঞতা বুঝতে চেস্কি নিজেই ছয় মাস বিভিন্ন এয়ারবিএনবি-তে থেকেছেন এবং নিজের বাড়িটি হোস্ট হিসেবে খুলে দিয়েছিলেন। বর্তমানে নিউইয়র্ক এবং ইউরোপের বিভিন্ন শহরে স্বল্পমেয়াদী ভাড়ার কঠোর নিয়ম চালু হওয়ায় প্রতিষ্ঠানটি চাপের মুখে রয়েছে। অনেক শহরে ৩০ দিনের কম সময়ের জন্য ভাড়া দেওয়া নিষিদ্ধ করা হয়েছে অথবা পর্যটক অ্যাপার্টমেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। এছাড়া যুক্তরাষ্ট্রে আবাসন অধিকার কর্মীদের দাবি, এয়ারবিএনবি কার্যত হোটেল ব্যবসায় পরিণত হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির দাবি, এই নিষেধাজ্ঞা পর্যটকদের জন্য সাশ্রয়ী আবাসন কমিয়ে দেবে।
সম্প্রতি এয়ারবিএনবি তাদের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। ২০ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়ম অনুযায়ী, অতিথিদের আর বিছানার চাদর খোলা, থালা-বাসন ধোয়া বা আবর্জনা বাইরে ফেলার মতো পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতে হবে না। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকরা খুশি হলেও অনেক হোস্ট বা বাড়ির মালিক ক্ষুব্ধ হয়েছেন। অনেকে এই নিয়মের প্রতিবাদে বয়কট করার অথবা ক্লিনিং ফি বাড়ানোর হুমকি দিয়েছেন।




