টেলিভিশনের পর্দায় এখন আর কেবল রেজল্যুশনের লড়াই নেই; বরং রঙের গভীরতা এবং আলোর সঠিক ভারসাম্যই হয়ে উঠেছে দেখার অভিজ্ঞতার মূল চাবিকাঠি। সাধারণত আমরা টিভি কেনার সময় ৪কে বা ৮কে রেজল্যুশনের দিকে বেশি নজর দিই, তবে ছবির প্রকৃত মান নির্ভর করে রং কতটা স্বাভাবিক এবং আলো-ছায়ার পার্থক্য কতটা নিখুঁতভাবে ফুটে উঠছে তার ওপর। এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে বাজারে এসেছে মাইক্রো আরজিবি প্রযুক্তি।
প্রথাগত এলইডি টেলিভিশনে সাধারণত নীল ব্যাকলাইটের সাথে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে রং তৈরি করা হয়। কিন্তু মাইক্রো আরজিবি প্রযুক্তিতে লাল, সবুজ ও নীল—এই তিন রঙের জন্য আলাদা আলাদা এলইডি ব্যবহার করা হয়। এর ফলে আলোর উজ্জ্বলতা এবং রঙের বৈচিত্র্য অনেক বেশি স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ফলে একই রঙের বিভিন্ন শেড বা স্তরের পার্থক্য আরও স্পষ্টভাবে ফুটে ওঠে এবং এক রং থেকে অন্য রঙে রূপান্তর হয় অত্যন্ত মসৃণভাবে। বিশেষ করে প্রকৃতির প্রামাণ্যচিত্র বা সিনেমার অন্ধকার দৃশ্যের ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো এই প্রযুক্তির কারণে জীবন্ত হয়ে ওঠে।
বর্তমান সময়ে শুধু হার্ডওয়্যার নয়, সফটওয়্যারের ক্ষেত্রেও আমূল পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সংমিশ্রণে এখন ছবির কনট্রাস্ট এবং সূক্ষ্ম বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হচ্ছে। উদাহরণস্বরূপ, স্যামসাংয়ের মাইক্রো আরজিবি টিভিতে ব্যবহৃত ‘৪কে এআই আপস্কেলিং’ এবং ‘মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রো’ প্রযুক্তি কম রেজল্যুশনের ভিডিওকেও উচ্চমানের ছবিতে রূপান্তর করতে সক্ষম। এর পাশাপাশি শব্দের উৎকর্ষ বাড়াতে ডলবি অ্যাটমস প্রযুক্তির ব্যবহার সিনেমা বা খেলা দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলছে।
যাঁরা ছবির গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং উচ্চ প্রযুক্তির জন্য বাড়তি বিনিয়োগ করতে প্রস্তুত, তাঁদের জন্য মাইক্রো আরজিবি টিভি একটি আদর্শ পছন্দ। বিশেষ করে সিনেমাপ্রেমী, গেমার এবং ক্রীড়াপ্রেমীদের জন্য এর স্বচ্ছতা ও দ্রুতগতির দৃশ্য উপস্থাপন অত্যন্ত কার্যকর। তবে বাজেট এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ওএলইডি, মিনি এলইডি বা প্রচলিত এলইডি টিভিও ভালো বিকল্প হতে পারে। প্রতিটি প্রযুক্তির নিজস্ব বৈশিষ্ট্য থাকায় ক্রেতাদের উচিত কেবল রেজল্যুশনের ওপর নির্ভর না করে রঙের স্বাভাবিকতা, কনট্রাস্ট এবং আলোর নিয়ন্ত্রণ ক্ষমতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। মাইক্রো আরজিবি প্রযুক্তিtelevision দেখার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত এবং উপভোগ্য করে তুলছে।




