জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ কর্তৃক প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদন ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’-তে ডিজিটাল সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। ১৯৪টি দেশের এই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশ এবার তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে অবস্থান করছে। এর আগে ২০২৪ সালের তালিকায় দেশটির অবস্থান ছিল ১০০তম। উল্লেখ্য, এই সূচকের ইতিহাসে প্রথমবারের মতো দুই অঙ্কের র‍্যাঙ্কিংয়ের (ডাবল ডিজিট ব্র্যাকেট) ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই সূচকে বাংলাদেশ এখন পর্যন্ত সর্বোচ্চ দশমিক ৬৮৯৩ স্কোর অর্জন করেছে। এই সাফল্যের ফলে বাংলাদেশ এখন ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট সক্ষমতাসম্পন্ন দেশগুলোর কাতারে শামিল হয়েছে। বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ উপাদানে বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ নম্বর পেয়েছে। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই)-এ দেশটির স্কোর দাঁড়িয়েছে দশমিক ৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) অর্জিত হয়েছে দশমিক ৬৯ নম্বর।

মূলত তিনটি প্রধান মাপকাঠির গড় হিসেবে ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) নির্ধারিত হয়। এর মধ্যে রয়েছে অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স। এই তিনটি উপাদানের মাধ্যমে একটি দেশের নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্টের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং সামগ্রিক অগ্রগতির পরিমাপ করা হয়। ২০২৬ সালের বৈশ্বিক গড় ইজিডিআই স্কোর দশমিক ৬৬৭৫, যা ২০২৪ সালের দশমিক ৬৩৮২-এর তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। তবে বাংলাদেশের প্রাপ্ত স্কোর (দশমিক ৬৮৯৩) এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।

বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়া ডিজিটাল সেবায় উন্নতির ফলে উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির দেশের সংখ্যা ২০২৪ সালের ১৩৮টি থেকে বেড়ে এখন ১৫১টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।