ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মেগা রকেট 'স্টারশিপ'-এর বুস্টারের ধ্বংসাবশেষ এখন মেক্সিকোর এক সমুদ্রতটে ভেসে আসছে। গত সপ্তাহে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় রকেটটি বিস্ফোরিত হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে একটি পরিবেশবাদী সংস্থা। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ টেক্সাসে অবস্থিত স্পেসএক্সের স্টারবেইস উৎক্ষেপণ কেন্দ্রের দক্ষিণের বাগদাদ সৈকতে রকেটের টুকরোর পাশাপাশি মৃত ডলফিন ও কচ্ছপ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছিল যখন স্টারশিপের ওপরের অংশটি কক্ষপথে পাঠানোর পর 'বুস্টার ২২' নামক সুপার হেভি বুস্টারটিকে উৎক্ষেপণ টাওয়ারে ফিরিয়ে আনার পরিকল্পনা বাতিল করা হয়। বিকল্প হিসেবে এটি সমুদ্রে অবতরণের চেষ্টা করলেও মেক্সিকো উপসাগরের ঢেউয়ের সামান্য ওপরেই এটি বিস্ফোরিত হয়ে যায়। মেক্সিকান পরিবেশবাদী সংস্থা 'কোনিবিও গ্লোবাল'-এর মতে, এই বিস্ফোরণের ফলে সৃষ্ট প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ এখন তীরের দিকে ভেসে আসছে।
সংস্থাটির প্রেসিডেন্ট জেসুস এলিয়াস ইবারা রদ্রিগেজ তার একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, উপকূলে ভেসে আসা ধ্বংসাবশেষের সংখ্যা সম্ভবত লক্ষাধিক, যার ফলে সবগুলো সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। মাঠপর্যায়ের কারিগরি বিশেষজ্ঞরা ইতিমধ্যেই নীল আঠা লাগানো টুকরো, কালো রাবার টেপ এবং ধূসর টেপযুক্ত সাদা প্লাস্টিকের মতো বিভিন্ন অংশ শনাক্ত করেছেন, যা বুস্টারের অভ্যন্তরীণ দেয়ালের সাথে সামঞ্জস্যপূর্ণ। রদ্রিগেজ সৈকতে পাওয়া মৃত প্রাণীদের ছবি প্রকাশ করে আশঙ্কা প্রকাশ করেছেন যে, রকেট বিস্ফোরণের পরোক্ষ প্রভাবের কারণেই এই প্রাণিগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। বিশেষ করে বিস্ফোরণের দুই দিন পর একটি মৃত কচ্ছপ সৈকতে দেখা যায়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।
এদিকে, মেক্সিকোর পরিবেশ সুরক্ষা বিষয়ক ফেডারেল অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (প্রোফেপা) জানিয়েছে, তারা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং বর্জ্য শনাক্ত করতে বাগদাদ সৈকতে পরিদর্শক দল পাঠিয়েছে। প্রোফেপা স্পষ্ট করে বলেছে যে, এই ঘটনার জন্য স্পেসএক্সকে দায়বদ্ধ করা হবে। একইসঙ্গে তারা সাধারণ মানুষকে সৈকতে পাওয়া কোনো বস্তু স্পর্শ না করার অনুরোধ জানিয়েছে এবং কোনো তথ্য পাওয়া গেলে তা দাপ্তরিক মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে।
পুরো বিষয়টি নিয়ে ইন্ডিপেনডেন্ট স্পেসএক্সের কাছে মন্তব্য জানতে চাইলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি। তবে গত সপ্তাহে রকেটটির অবতরণ ব্যর্থ হওয়ার পর স্পেসএক্স জানিয়েছিল যে, তারা বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।




