তরুণ প্রজন্মের মধ্যে ভ্যাপিং বা ই-সিগারেটের ব্যবহার ক্রমেই একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। সম্প্রতি প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এক অনলাইন পরামর্শ সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।
কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গত ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় ১৭৮তম এ পরামর্শ সভা। ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়’ — এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত সভায় বক্তব্য দেন তিনি। এটি ছিল একটি সম্পূর্ণ বিনামূল্যের মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা।
অধ্যাপক কামাল বলেন, ভ্যাপিং আসলে তরুণদের ধীরে ধীরে একটি অদৃশ্য মাদকের জালে আটকে ফেলছে। তাঁর মতে, প্রতিদিনই তাঁর চেম্বারে এমন রোগী আসছেন যাদের সমস্যার মূল কারণ এই ভ্যাপিং। তিনি উল্লেখ করেন, মায়েরা এসে কান্না করেন তাদের সন্তানদের আচরণগত পরিবর্তন নিয়ে। সম্প্রতি এক মা তাঁর ছেলেকে নিয়ে এসেছিলেন। সেই ছেলেটি আগে অত্যন্ত শান্ত ছিল, কিন্তু এখন তার চোখ কোটরগত হয়ে গেছে, মুখ মলিন, রাতে একদম ঘুম আসে না, পড়াশোনায় মনোযোগ নেই এবং স্কুলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এই সব উপসর্গই ভ্যাপিং বা মাদকের সরাসরি কুফল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যেসব জুনিয়র সহকর্মী মাঠে কাজ করছেন, সবার অভিজ্ঞতাও একই রকম। প্রায় প্রতিদিনই এমন রোগী আসছে। এ অবস্থায় এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেন তিনি।




