টাঙ্গাইল বলতে সাধারণত মিষ্টির কথা মাথায় আসে, তবে এই শহরের খাবারের তালিকায় রয়েছে একেবারে ভিন্ন স্বাদের এক পদ—বিশাল আকারের ঝাল চাপড়ি। মাটির চুলায় প্রস্তুত হওয়া এই খাবারটি স্থানীয়দের মুখে ‘ডিস্ট্রিক কেক’ নামে পরিচিতি পেয়েছে। জেলা জজ কোর্টের পাশে বিক্রি হওয়ায় এমন মজার নামটি এসেছে বলে জানান স্থানীয়রা।

শহরের জেলা জজ কোর্টের পাশের সড়কে গেলেই চোখে পড়ে সারি সারি ছোট দোকান, প্রতিটির সামনে মাটির চুলা আর তার ওপর বিশাল গোলাকার তাওয়া। সেই তাওয়াতেই তৈরি হচ্ছে একেকটি বড়সড় চাপড়ি। মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় চালের গুঁড়া, ময়দা, ডালবাটা, হলুদ, লবণ ও কালিজিরা। প্রথমে সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়, এরপর কালিজিরা মেশানো উষ্ণ গরম পানি দিয়ে ময়ান দেওয়া হয়। হাতের নিপুণ কৌশলে ময়ান ছড়িয়ে ধীরে ধীরে গোলাকার রুটি তৈরি হয়—কোনোটির আকার ২৪ ইঞ্চি, আবার কোনোটি ৩৬ ইঞ্চি পর্যন্ত হয়।

এত বড় চাপড়ি একা খাওয়া সম্ভব নয়, তাই তাওয়া থেকে নামানোর পর দা দিয়ে কেটে তিন কোণা আকারের টুকরা করা হয়। আগুনের আঁচে সেঁকা হওয়ার সময় চারপাশে ছড়িয়ে পড়ে মসলার ঘ্রাণ, যা খাবারের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। প্রতিদিন প্রায় দুই মণ ময়ান তৈরি হয় এই দোকানগুলোতে, ফলে ছোট পরিসরে চলে বড় আয়োজন।

এই চাপড়ির বিশেষত্ব শুধু আকারে নয়, তৈরির পদ্ধতিতেও। তেলে ভাজা না হয়ে মাটির চুলায় লাকড়ির আগুনে সেঁকে তৈরি হওয়ায় বাইরের অংশ মচমচে থাকে এবং কাঠের ধোঁয়ার আলাদা ঘ্রাণ মেশে স্বাদে। সাধারণ উপকরণ হলেও আগুনের আঁচ আর তৈরির কৌশলই এটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

চাপড়ি খেতে হয় ভর্তার সঙ্গে। প্রতিটি দোকানে থাকে আলুভর্তা, ধনেপাতাভর্তা, পেঁয়াজ ও কাঁচা মরিচের ঝাঁজ। ভর্তার ঝাল আর পেঁয়াজের তীব্রতা মিলিয়ে খাবারটি হয়ে ওঠে জমজমাট। দামও বেশ সাশ্রয়ী—ভর্তাসহ এক টুকরা চাপড়ি মাত্র ২৫ টাকা, যা দুজনে মিলে অনায়াসে খাওয়া যায়।

শুধু পথচারী বা ভোজনরসিক নন, স্থানীয়দের প্রতিদিনের নাশতার তালিকায়ও জায়গা করে নিয়েছে এই চাপড়ি। ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির জানান, তাঁর সকালের নাশতা প্রায়ই এই চাপড়ি দিয়ে হয়। রিকশাচালক মতিন মিয়ার মতে, এত কম দামে এর চেয়ে ভালো খাবার আর পাওয়া যায় না, স্বাদও দারুণ। দোকানের কর্মচারী উজ্জ্বল মিয়া বলেন, শুধু শহরবাসী নন, মধুপুর, সখীপুর, ঘাটাইলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকেও মানুষ এই স্বাদ নিতে আসেন। তবে সময় মনে রাখতে হবে—চাপড়ি মূলত সকালের খাবার, দিনের প্রথম বেলাতেই এর আয়োজন জমে ওঠে, বিকেলে গেলে আর সেই দৃশ্য পাওয়া যায় না।

দোকানগুলোর পরিবেশ খুব সাধারণ—রাস্তার পাশে ছোট দোকান, মাটির চুলা, বিশাল তাওয়া, কয়েকটি বেঞ্চ বা চেয়ার। শহুরে রেস্তোরাঁর ঝকঝকে সাজসজ্জা নেই, তবে আছে আগুনের আঁচ, গরম রুটির গন্ধ আর মানুষের ভিড়। তাওয়া থেকে চাপড়ি নামানোর মুহূর্তেই কাটা হয়, আর একের পর এক টুকরা চলে যায় ক্রেতাদের হাতে। কেউ দাঁড়িয়ে খান, কেউ পরিবারের জন্য নিয়ে যান। শ্রমজীবী, কর্মজীবী, শিক্ষার্থী—নানা শ্রেণির মানুষের উপস্থিতিতে আদালতপাড়া হয়ে ওঠে ব্যস্ত।

সময়ের সঙ্গে সঙ্গে এই চাপড়ি টাঙ্গাইল শহরের খাদ্যসংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। জেলা জজ কোর্টের পাশে বিক্রি হওয়ায় ‘ডিস্ট্রিক কেক’ নামটি প্রচলন হয়েছে, যা শুনতে মজার কিন্তু এর গল্প সম্পূর্ণ স্থানীয়। মাটির চুলা, লাকড়ির আগুন, হাতে চাপড়ি তৈরির কৌশল, ঝাল ভর্তা আর আদালতপাড়ার ব্যস্ততা—সবকিছু মিলিয়ে খাবারটি যেন শহরের দৈনন্দিন জীবনের ছোট্ট একটি প্রতিচ্ছবি।

অন্যান্য অঞ্চলেও একই ধরনের খাবার থাকতে পারে, তবে উপকরণ ও পদ্ধতির ভিন্নতা থাকে। স্থানীয় খাবারের সৌন্দর্যই এখানে—প্রতিটি এলাকার খাবার তার মানুষ, মাটি ও অভ্যাসের গল্প বলে। রাস্তার পাশে মাটির চুলার ধারে বসে খাওয়া এই সাধারণ চাপড়ির স্বাদও অনেক দিন মনে থাকে, কারণ এখানে শুধু খাবার খাওয়া হয় না; ছুঁয়ে দেখা যায় একটি শহরের জীবনযাপন ও খাদ্যসংস্কৃতিকে। ‘ডিস্ট্রিক কেক’ তাই শুধু একটি বড় রুটি নয়—মাটির চুলার আগুন, ঝাল ভর্তার ঘ্রাণ, ব্যস্ত আদালতপাড়া আর স্থানীয় মানুষের ভালোবাসায় গড়ে ওঠা শহরের নিজস্ব এক খাদ্যপরিচয়।