বংশগত কারণে পুরুষদের টাক পড়া বা 'অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া'র সমস্যা সমাধানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন বেইহাং ইউনিভার্সিটি অফ বেইজিং-এর একদল গবেষক। তারা 'ডিট্যাঙ্গল' নামের একটি বিশেষ ইলেকট্রনিক চিরুনি উদ্ভাবন করেছেন, যা দ্রুত নতুন চুল গজাতে উদ্দীপনা জোগায় এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। বিজ্ঞানভিত্তিক জার্নাল 'নেচার কমিউনিকেশনস'-এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, এই প্রযুক্তির নকশাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত কেবল ইঁদুরের ওপর এর কার্যকারিতা যাচাই করা হয়েছে। গবেষকদলের দাবি, এই পদ্ধতিটি প্রচলিত চুল পড়া রোধের চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে।
এই ইলেকট্রনিক চিরুনিটির কার্যপদ্ধতি বেশ আধুনিক। এর বৈদ্যুতিক দাঁতগুলোতে গবেষকরা ওষুধবাহী অণু এবং বিভিন্ন উচ্চতার ইলেকট্রোড যুক্ত করেছেন। এর ফলে চুলের গোড়ায় একটি নির্দিষ্ট বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, যা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। গবেষণায় দেখা গেছে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত ইঁদুরের ক্ষেত্রে এই পদ্ধতিটি অত্যন্ত সফল। প্রচলিত জনপ্রিয় ওষুধ 'রোগেইন'-এর মূল উপাদান মিনোক্সিডিলের তুলনায় এটি অনেক দ্রুত ফল দেয়। যেখানে মিনোক্সিডিল এক মাসে প্রায় ৭০ শতাংশ ফল দেয়, সেখানে 'ডিট্যাঙ্গল' পদ্ধতিটি সেই হারকে প্রায় ১০০ শতাংশে উন্নীত করেছে।
সাধারণত ৮০ শতাংশ পুরুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে চুল পড়ার সমস্যায় ভোগেন, যা তাদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে এই সমস্যা সমাধানে মিনোক্সিডিল বা ফিনাস্টিডের (প্রোপেশিয়া) মতো ওষুধ ব্যবহৃত হয়। তবে মিনোক্সিডিলের ক্ষেত্রে ফলাফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে এবং এটি ত্বকে জ্বালাপোড়া বা মাথাব্যথার কারণ হতে পারে। অন্যদিকে, ফিনাস্টিডের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যৌন দুর্বলতা এবং বিষণ্নতার ঝুঁকি থাকে। এছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতি কার্যকর হলেও তা অত্যন্ত ব্যয়বহুল, বেদনাদায়ক এবং কষ্টসাধ্য।
যদিও এই ইলেকট্রনিক চিরুনিটি ইঁদুরের ওপর অভাবনীয় সাফল্য দেখিয়েছে, তবে মানুষের ওপর এটি কতটা কার্যকর হবে তার চূড়ান্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। মানবদেহে প্রয়োগ করার আগে এর নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করতে আরও দীর্ঘমেয়াদী পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা। বর্তমানে এই উদ্ভাবনটি একটি প্রাথমিক ধারণা প্রদান করেছে যে, ভবিষ্যতে টাক পড়ার চিকিৎসায় এটি একটি সহজ ও কার্যকর বিকল্প হতে পারে।




