আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী জোটের দলগুলোর মধ্যে প্রার্থীর বিষয়ে সমঝোতা না হলে ১১ দলীয় ঐক্যের ভেতরে বিভেদ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মত প্রকাশ করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, মাঠপর্যায়ে দলগুলো যদি আলাদা আলাদা প্রার্থী দেয়, তবে তা সামগ্রিক ঐক্যের দুর্বলতা হিসেবে দেখা দেবে এবং বিভেদ সৃষ্টি করবে।

আন্দোলনের ধারাবাহিকতা ও ঐক্যের স্বার্থেই নির্বাচনী সমঝোতাকে অপরিহার্য মনে করছেন মামুনুল হক। তিনি মনে করেন, এই প্রক্রিয়ায় বড় দল হিসেবে জামায়াতে ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সমঝোতার উদ্যোগ ব্যর্থ হলে তার দায়ভারও জামায়াতে ইসলামীকে গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনের পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলটির মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুর্শিদুল আলম সিদ্দিক। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে দলটির প্রার্থী হিসেবে লড়বেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক।

দেশজুড়ে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনের মেয়র, চেয়ারম্যান ও সদস্য পদের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে বলে জানান তিনি। অনেক জায়গায় স্থানীয় পর্যায়ে প্রার্থী চূড়ান্ত করা হলেও সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সুযোগ খোলা রাখা হয়েছে। যদি সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়, তবে সেই লক্ষ্যে আলোচনা করতে প্রস্তুত দলটির নেতৃত্ব।

এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব জালালুদ্দীন আহমদ, জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ ও রেজাউল করিম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমিন এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মো. ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।