মানুষের চিন্তা করার ক্ষমতা এবং শেখার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের প্রভাব নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এমআইটি মিডিয়া ল্যাবের একদল গবেষক। তাঁদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে এআই-এর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মস্তিষ্কের কার্যক্ষমতাকে হ্রাস করে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, হার্ভার্ড ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, টাফ্টস ইউনিভার্সিটি এবং ওয়েলেসলি কলেজের মোট ৫৪ জন শিক্ষার্থীর ওপর দীর্ঘ কয়েক মাস ধরে এই পরীক্ষা চালানো হয়।

গবেষণাটি পরিচালনার জন্য শিক্ষার্থীদের তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছিল। প্রথম দলটিকে দেওয়া হয় চ্যাটজিপিটি-র মতো এআই টুল, দ্বিতীয় দল ব্যবহার করে প্রচলিত সার্চ ইঞ্জিন এবং তৃতীয় দলটি কোনো প্রকার প্রযুক্তির সাহায্য ছাড়াই নির্দিষ্ট বিষয়ে প্রবন্ধ লেখে। পরবর্তীতে চতুর্থ একটি পর্যায়ে এই পদ্ধতিগুলো অদলবদল করা হয়; অর্থাৎ যারা আগে এআই ব্যবহার করেছিলেন তাঁদের টুল ছাড়া লিখতে বলা হয়, আর যারা কোনো সহায়তা নেননি তাঁদের এআই ব্যবহারের সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীদের লেখালেখির সময় মস্তিষ্কের অভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য গবেষকেরা ইলেকট্রো–এনসেফালোগ্রাফি (ইইজি) প্রযুক্তি ব্যবহার করেন। পাশাপাশি লেখাগুলোর মান যাচাইয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কৌশল এবং অংশগ্রহণকারীদের সাক্ষাৎকারের সাহায্য নেওয়া হয়।

ফলাফলে দেখা গেছে, যে সকল শিক্ষার্থী কোনো বাহ্যিক সাহায্য ছাড়া নিজের মেধায় রচনা লিখেছেন, তাঁদের মস্তিষ্কের স্নায়বিক সম্পৃক্ততা ছিল সবচেয়ে শক্তিশালী। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সংযোগের মাত্রা ছিল মাঝারি। তবে সবচেয়ে আশঙ্কাজনক ফলাফল এসেছে এআই ব্যবহারকারীদের ক্ষেত্রে; তাঁদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ ছিল সর্বনিম্ন। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাহ্যিক সহায়তার পরিমাণ যত বৃদ্ধি পায়, মস্তিষ্কের সক্রিয়তা তত দ্রুত হ্রাস পায়।

স্মৃতিশক্তির ক্ষেত্রেও দেখা গেছে বড় ধরনের ঘাটতি। লেখা শেষ করার পরপরই অংশগ্রহণকারীদের তাঁদের নিজস্ব লেখা থেকে কিছু বাক্য মনে করে বলতে বলা হয়। দেখা যায়, এআই ব্যবহারকারীদের বড় একটি অংশ তাঁদের লেখা মনে রাখতে ব্যর্থ হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, এআই-এর সহায়তা নেওয়া ৮৩.৩ শতাংশ শিক্ষার্থী সঠিকভাবে উদ্ধৃতি দিতে পারেননি। বিপরীতে, যারা কেবল মস্তিষ্ক বা সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়েছিলেন, তাঁদের মনে রাখার ক্ষমতা ছিল অনেক বেশি। সামগ্রিকভাবে এই গবেষণাটি ইঙ্গিত দেয় যে, সৃজনশীল কাজে এআই-এর অতিব্যবহার মানুষের চিন্তা করার স্বাভাবিক ক্ষমতা ও স্মৃতিশক্তিকে দুর্বল করে দিচ্ছে।