স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় শহর গ্লাসগোর সিটি সেন্টারের সামনে প্রকাশ্যে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গত বুধবার স্থানীয় সময় সকালে কিলারমন্ট স্ট্রিট ও সচিহল স্ট্রিট এলাকার একটি সুপারশপের সামনে এই আক্রমণ চালানো হয়। আক্রান্ত ২৭ বছর বয়সী ইফতেখার উল-ইসলামের দাবি, এটি একটি সুপরিকল্পিত 'বর্ণবাদী' হামলা।
ঘটনার বিবরণ দিয়ে ইফতেখার স্থানীয় সংবাদমাধ্যম গ্লাসগো লাইভকে জানান, তিনি শহরের এয়ারড্রি এলাকার বাসিন্দা। বুধবার সকালে তার স্ত্রী তাকে কিলারমন্ট স্ট্রিট ও সচিহল স্ট্রিট এলাকায় নামিয়ে দিয়ে যান, যাতে তিনি কর্মস্থলে যোগ দিতে পারেন। সেইন্সবারি নামক একটি সুপারশপের সামনে দাঁড়িয়ে ধূমপান করার সময় এক অপরিচিত স্কটিশ ব্যক্তি তার কাছে একটি সিগারেট চান। ইফতেখারের কাছে অতিরিক্ত সিগারেট না থাকায় তিনি তা দিতে পারেননি। এরপর ওই ব্যক্তি তাকে একটি পানীয় কিনে দিতে অনুরোধ করেন, কিন্তু নগদ টাকা না থাকায় ইফতেখার তা করতে অস্বীকার করেন।
এই অস্বীকৃতির পরপরই মার্জিত পোশাক পরিহিত ওই ব্যক্তি আক্রমণাত্মক হয়ে ওঠেন। ইফতেখার যখন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি পেছন থেকে তার ব্যাকপ্যাক ধরে ফেলেন এবং তার নাক ও মাথায় এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। ইফতেখারের ভাষ্যমতে, মারধরের সময় তার নাক দিয়ে রক্ত পড়ছিল এবং মাথা ঘুরছিল। তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও আশেপাশে থাকা কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। তিনি গভীর আশঙ্কায় ছিলেন যে, হামলাকারীর কাছে কোনো ছুরি বা অস্ত্র থাকতে পারে। তিনি জানান, মাটিতে না পড়ে যাওয়াটাই তার জন্য ভাগ্য ভালো ছিল, অন্যথায় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত।
হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, ইফতেখারের নাকের হাড় স্থানচ্যুত হয়েছে, যা ঠিক হতে অন্তত ১০ দিন সময় লাগবে। তিনি বিশ্বাস করেন, সিসিটিভি ক্যামেরায় এই বর্ণবাদী হামলার দৃশ্য ধারণ হয়েছে এবং তিনি সেই ভিডিও ফুটেজ স্কটল্যান্ড পুলিশের কাছে জমা দেবেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কটল্যান্ড পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, সচিহল স্ট্রিট এলাকায় একজন ব্যক্তির ওপর হামলার খবর তারা পেয়েছেন এবং বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইফতেখার এই ঘটনার জন্য পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন।




