সিন্ধু প্রদেশকে বিভক্ত করে নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠনের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের করাচি। রোববার ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’ (জেএসআরসি) নামক চারটি সিন্ধি জাতীয়তাবাদী দলের জোটের আহ্বানে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য ডন'-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা শহরের সাচাল এলাকা থেকে যাত্রা শুরু করে গুলিস্তান-ই-জওহর এবং শাহরাহ-ই-ফয়সাল হয়ে ফাওয়ারা চকে পৌঁছান এবং সেখানে এক সমাবেশে মিলিত হন। এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন রিয়াজ চান্দিও ও ড. নিয়াজ কালানি সহ জেএসআরসি জোটের শীর্ষ নেতারা। তাদের পাশাপাশি স্থানীয় আইনজীবী এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গও এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীদের দাবি, সিন্ধু প্রদেশের ভৌগোলিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক অখণ্ডতা বজায় রাখতে হবে এবং প্রদেশ বিভাজনের যে কোনও পদক্ষেপ তারা সরাসরি প্রত্যাখ্যান করছেন। এনডিটিভি-র খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেক বিক্ষোভকারী স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর স্লোগান দিচ্ছেন এবং বেশ কিছু স্থানে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশে বক্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সিন্ধুর অখণ্ডতার প্রশ্নে তারা কোনো আপস করবেন না এবং এই ভূখণ্ডকে তাদের মাতৃভূমি হিসেবে বিবেচনা করে এর বিভাজনের প্রচেষ্টাকে তারা মেনে নেবেন না। তাদের মতে, এই অখণ্ডতা কেবল প্রশাসনিক বিষয় নয়, বরং এটি হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির অংশ। তারা কেন্দ্রীয় সরকারকে জনগণের আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার অনুরোধ করেন। এছাড়া, প্রস্তাবিত গণভোটের উদ্যোগকেও তারা প্রত্যাখ্যান করেছেন, কারণ তাদের ধারণা এটি কেবল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।
এই পুরো পরিকল্পনার পেছনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির প্রভাবশালী সামরিক-বেসামরিক ক্ষমতা বলয়ের (এস্টাবলিশমেন্ট) হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনডিটিভি-র রিপোর্ট অনুযায়ী, বর্তমান মানচিত্র বদলে চারটি প্রধান প্রদেশকে ভেঙে এক ডজন বা তার বেশি ছোট প্রশাসনিক ইউনিটে বিভক্ত করার পরিকল্পনা করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কোনো রূপরেখা প্রকাশিত হয়নি, তবে প্রকৃত ক্ষমতাধর হিসেবে আসিম মুনিরের নাম এর সঙ্গে জড়িয়ে গেছে। সরকারিভাবে এই উদ্যোগকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সুশাসনের অংশ হিসেবে বর্ণনা করা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে পাকিস্তানের ফেডারেল কাঠামো বদলে যাবে। ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ তাদের এক সম্পাদকীয়তে উল্লেখ করেছে যে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হতে পারে রাজনৈতিক বিরোধীদের বিভক্ত করা এবং সেনাপ্রধানের কর্তৃত্ব আরও শক্তিশালী করা।
অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এই পরিকল্পনার কড়া বিরোধিতা করেছেন। করাচি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, যদি বলপ্রয়োগ করে সিন্ধু প্রদেশ ভাগ করার চেষ্টা করা হয়, তবে সাধারণ মানুষ অস্ত্র হাতে নিতে বাধ্য হবে। জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, বিলাওয়াল জানিয়েছেন যে পিপিপি সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনে নতুন প্রদেশ গঠনের পক্ষে, তবে জোরজবরদস্তি তারা মেনে নেবেন না। তিনি গণভোটের প্রস্তাবকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে বলেন, অতীতে অগণতান্ত্রিক লক্ষ্য পূরণে গণভোটকে ব্যবহার করা হয়েছে, তাই বর্তমান প্রস্তাবটিও গ্রহণযোগ্য নয়।




