সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের হায়দরাবাদ ও মুম্বাই। তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীদের এক দল মেটা কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে পরিচালিত এই বিক্ষোভে দেখা যায়, কর্মীরা কার্যালয়ের প্রাঙ্গণে থাকা ফুলের টব ছুড়ে মারছেন এবং করিডর ও ক্যাফেটেরিয়া এলাকায় দৌড়াদৌড়ি করছেন। এসময় তারা মেটা কর্তৃপক্ষ এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয়। মূলত ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার অ্যাকাউন্ট স্থগিত করার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। স্থগিত হওয়া পোস্টগুলো দ্রুত পুনর্বহালের দাবি জানিয়ে মেটাকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তারা মেটাকে সাহসিকতার পরিচয় দিতে আহ্বান জানায় এবং দাবি না মানলে রাজপথ ও আদালতের পাশাপাশি কার্যালয়েও আন্দোলন বাড়ানোর হুমকি দেয়।

একই সময়ে মুম্বাইয়ের বিকেসি এলাকার ওয়ার্ল্ড ওয়ান সংলগ্ন মেটা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মুম্বাই যুব কংগ্রেস। সভাপতি জিনাত শাবরিনের নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে অভিযোগ করা হয় যে, বিজেপি এবং আরএসএসের সমালোচকদের মুখ বন্ধ করতেই মেটা এই বিধিনিষেধ আরোপ করেছে। এই বিক্ষোভে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের দাবি, উদয় ভানু চিব ও মনীশ শর্মার অ্যাকাউন্ট স্থগিত করা ভিন্নমত দমনের একটি পরিকল্পিত চেষ্টা।

মেটার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নিজের অ্যাকাউন্টেও বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করে তিনি এক্স-এ জানান, বিদেশি কোম্পানিগুলোর কাজ ব্যবসা করা, রাজনীতিতে জড়ানো নয়। একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হওয়া উচিত সবাইকে সমান চোখে দেখা। পাশাপাশি তিনি সতর্ক করেন যে, সরকারের উচিত নয় বিদেশি কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করে ব্যবসাকে রাজনীতিকরণ করা।

অন্যদিকে, যুব কংগ্রেসের এই আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসকে 'গুন্ডাদের দল' হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, হায়দরাবাদে মেটা কার্যালয়ে ভাঙচুর করে কংগ্রেস কর্মীরা তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ব করছে। তিনি মনে করিয়ে দেন যে, এর আগে বিশ্ব এআই সম্মেলনে ঢুকে পড়ে কংগ্রেস ভারতকে অপমান করেছিল এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোই এখন তাদের মডেল হয়ে দাঁড়িয়েছে। একইভাবে বিআরএস নেতা কে টি রামা রাও এই ঘটনাকে 'গুন্ডামি' বলে আখ্যা দেন। তিনি প্রশ্ন তোলেন, এভাবে ভাঙচুর চালিয়েই কি রাহুল গান্ধী ভারতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চান? রামা রাও উল্লেখ করেন, দীর্ঘ কয়েক দশকের ব্যবসাবান্ধব নীতির মাধ্যমে 'ব্র্যান্ড হায়দরাবাদ' গড়ে তোলা হয়েছে, যা লাখ লাখ মানুষের জীবিকার উৎস; আর কংগ্রেসের এই নির্বোধ আচরণ সেই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।