সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের হায়দরাবাদ ও মুম্বাই। ভারতীয় যুব কংগ্রেসের দুই শীর্ষ নেতার অ্যাকাউন্ট স্থগিত করার জেরে মেটা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হায়দরাবাদে জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে একদল বিক্ষোভকারী মেটা কার্যালয়ে প্রবেশ করে প্রাঙ্গণে থাকা ফুলের টবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। কার্যালয়ের করিডর এবং ক্যাফেটেরিয়া এলাকায় দৌড়াদৌড়ি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন তারা। এই সময় বিক্ষোভকারীরা মেটা কর্তৃপক্ষ এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন এবং স্থগিত করা পোস্টগুলো পুনরায় চালু করার দাবি জানান।
ঘটনার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মেটাকে তাদের অবস্থান শক্ত করার আহ্বান জানায় ভারতীয় যুব কংগ্রেস। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে বিধিনিষেধকৃত অ্যাকাউন্ট ও পোস্টগুলো পুনর্বহাল করতে হবে। অন্যথায় আদালত, রাজপথ এবং সরাসরি কার্যালয়ে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেওয়া হয়। উল্লেখ্য, ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় ইনচার্জ মনীশ শর্মা এবং জাতীয় সভাপতি উদয় ভানু চিব-এর অ্যাকাউন্টগুলো মেটা কর্তৃপক্ষ স্থগিত করেছিল।
একই সময়ে মুম্বাইয়ের বিকেসি এলাকার ওয়ার্ল্ড ওয়ান সংলগ্ন মেটা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মুম্বাই যুব কংগ্রেস। সভাপতি জিনাত শাবরিনের নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে বিজেপি ও আরএসএসের সমালোচকদের কণ্ঠরোধ করার অভিযোগ তোলা হয়। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, উদয় ভানু চিব ও মনীশ শর্মার অ্যাকাউন্ট বন্ধ করা ভিন্নমত দমনের একটি পরিকল্পিত চেষ্টা।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নিজের অ্যাকাউন্টেও বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করে তিনি এক্স-এ লেখেন, বিদেশি কোম্পানিগুলোর কাজ ব্যবসা করা, রাজনীতিতে জড়ানো নয়। একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো সবাইকে সমান চোখে দেখা। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন বিদেশি কোম্পানিগুলোর ব্যবসায় অযথা রাজনৈতিক চাপ সৃষ্টি না করা হয়।
অন্যদিকে, কংগ্রেসের এই কর্মসূচিকে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি ও বিআরএস। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসকে 'গুন্ডাদের দল' হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর চালানোই এখন কংগ্রেসের কার্যপদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। একইভাবে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে টি রামা রাও এই ঘটনার সমালোচনা করে বলেন, হায়দরাবাদের ব্যবসায়িক পরিবেশ এবং ব্র্যান্ড ইমেজ বহু দশকের পরিশ্রমে গড়ে উঠেছে। তিনি প্রশ্ন তোলেন, এভাবে গুন্ডামি করে কি বিদেশি কোম্পানি আনা সম্ভব? রাহুল গান্ধীর নেতৃত্বের এই আচরণকে তিনি 'নির্বোধদের বাহাদুরি' বলে আখ্যায়িত করেন।




