দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দ্বারা পরিচালিত নয়াদিল্লির স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে জানুয়ারি ২০২৭ সেশনের পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। উচ্চতর গবেষণা এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে আগ্রহী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং অভিজ্ঞ পেশাজীবীদের জন্য এটি একটি আন্তর্জাতিক মানের সুযোগ। বিশেষ বিষয় হলো, এই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে ভর্তির জন্য কোনো প্রবেশিকা বা এন্ট্রান্স পরীক্ষার প্রয়োজন হবে না। আগ্রহী আবেদনকারীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবেন।

সার্কভুক্ত আটটি দেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি তার আধুনিক অবকাঠামো, বিশ্বমানের শিক্ষক এবং গবেষণার অনুকূল পরিবেশের জন্য পরিচিত। এখানে সাধারণ পিএইচডির পাশাপাশি এক্সিকিউটিভ পিএইচডি করার বিশেষ সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা, বিসিএস ক্যাডার, বিচারক, বিজ্ঞানী এবং গবেষণা কর্মকর্তাদের জন্য এই এক্সিকিউটিভ প্রোগ্রামটি অত্যন্ত কার্যকর হবে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উদীয়মান তরুণ গবেষকগণও এখানে আবেদন করতে পারবেন।

পিএইচডি গবেষণার জন্য এখানে বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন শাখা উন্মুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, লিগ্যাল স্টাডিজ, সমাজবিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, ইংরেজি এবং মিডিয়া, আর্টস অ্যান্ড ডিজাইন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক কাজী অরুণিম রহমান তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এই ক্যাম্পাসটি দক্ষিণ এশিয়ার বিচিত্র সংস্কৃতির একটি মিলনমেলা। এখানকার অত্যাধুনিক লাইব্রেরি, ল্যাব এবং আন্তর্জাতিক মানের ফ্যাকাল্টি বিশ্বমানের গবেষণার পরিবেশ নিশ্চিত করে। আন্তর্জাতিক গবেষকদের সাথে কাজ করার ফলে বৈশ্বিক সমস্যাগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ মেলে, যা বাংলাদেশি তরুণ গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়তে একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বা সহায়তার জন্য আবেদনকারীরা ই-মেইলে (admission@sau.int) অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (+৯১-৯৮১৮১৮৫২২২) যোগাযোগ করতে পারবেন। সার্কভুক্ত দেশ হিসেবে আন্তর্জাতিক এই একাডেমিক কমিউনিটিতে যুক্ত হওয়া বাংলাদেশি গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।