ইয়েমেনের হুতি যোদ্ধারা সৌদি আরবের নির্দিষ্ট কিছু এলাকা দখল করে রেখেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। সম্প্রতি এক পডকাস্টে মার্কিন ভূ-রাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইকার্টের সঙ্গে আলাপকালে তিনি জানান, সৌদি রাজতন্ত্রের জন্য হুতিরা বর্তমানে এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কার্লসনের মতে, হুতিরা এখন সৌদি ভূখণ্ডে অবস্থান করছে, যদিও মার্কিন সংবাদমাধ্যমগুলো এই গুরুত্বপূর্ণ তথ্যটি এড়িয়ে যাচ্ছে।

তবে সৌদি আরবের মাটি দখলের এই তথ্যের কোনো সুনির্দিষ্ট উৎস কার্লসন উল্লেখ করেননি। তিনি কেবল জানিয়েছেন যে, তিনি আরব উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং চলতি সপ্তাহেও তাদের সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ভূমধ্যসাগরের একটি বিলাসবহুল প্রমোদতরিতে অবস্থানরত আরব রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। কার্লসন মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থার সমালোচনা করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনার কথা উল্লেখ করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়েছেন।

কার্লসনের এই দাবির সূত্র ধরে মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদন দেখা যায়, যেখানে ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল যে, হুতিরা সৌদি আরবের অভ্যন্তরে আকস্মিক হামলা চালাচ্ছে। বিশেষ করে অক্টোবরে এমন কিছু হামলা ঘটেছিল, তবে তারা স্থায়ীভাবে কোনো এলাকা দখল করে রেখেছে কি না, তা নিশ্চিত করা হয়নি। সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের সীমান্ত এলাকাটি অত্যন্ত দুর্গম এবং পাহাড় ও মরুভূমিতে ঘেরা হওয়ায় সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। ফলে প্রকৃত পরিস্থিতি জানা কঠিন। ইয়েমেনের অভ্যন্তরে হুতিরা বর্তমানে সৌদি-সমর্থিত অন্তর্বর্তী সরকারের অস্থায়ী রাজধানী ও বন্দর নগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে।

ঐতিহাসিকভাবে হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশ—আসির, জাজান ও নাজরানের মালিকানা দাবি করে। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এই অঞ্চলগুলো সৌদি আরবকে হস্তান্তর করেছিল। হুসেইন বদরুদ্দিন আল-হুতির নেতৃত্বে শিয়া ইসলামের জায়েদি মতবাদের অনুসারী এই গোষ্ঠীটি ইয়েমেনের সাআদা প্রদেশের পার্বত্য অঞ্চল থেকে উত্থান লাভ করে। তারা নিজেদের নবী মুহাম্মদ (সা.)-এর বংশধর বা হাশেমি হিসেবে দাবি করে।

অন্যদিকে, হুতিদের মদদদাতা হিসেবে ইরানের প্রভাবের কথা স্বীকার করলেও কার্লসন মনে করেন, ইরান ছাড়াও আরও কিছু শক্তি এই যুদ্ধে হুতিদের সহায়তা করছে যারা সৌদি রাজতন্ত্রের পতন বা দুর্বলতা চায়। কার্লসন স্পষ্ট করে বলেননি এই অন্যান্য শক্তিগুলো কারা। তবে ড্রপসাইট নিউজের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো গোপনে হুতিদের লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা প্রদান করছিল।