বাংলাদেশ সফর শেষ করে আজ বুধবার ঢাকা ছাড়লেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।
গত ৩০ আগস্ট ঢাকা সফর শুরু করেছিলেন অ্যান্ডা ফিলিপ। তার এই সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ সফরকালে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সংসদীয় নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে পৃথক পৃথক বৈঠক সম্পন্ন করেন।
নেতৃবৃন্দের পাশাপাশি তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ বিভিন্ন নারী সংসদ সদস্য এবং যারা রাজনৈতিক কারণে নিপীড়নের শিকার হয়েছেন, সেই সংসদ সদস্যদের সঙ্গেও বিস্তারিত মতবিনিময় করেন। সরকারি কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এছাড়া, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাস জানতে তিনি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখেন।

