আজ বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ সরকার অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। ফলে বাংলাদেশের কোনো সিদ্ধান্তই তাদের জন্য উদ্বেগের কারণ নয়। মক্কা চুক্তিকে ইরানের বিরুদ্ধে কোনো চুক্তি হিসেবেও তারা গণ্য করেন না বলে স্পষ্ট জানান তিনি। এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো–২০২৬ অনুমোদন করা হয়েছে গত সোমবার। এতে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। মূল বেতন, ভাতাসহ মোট চার ধাপে এই বেতনকাঠামো বাস্তবায়িত হবে। নতুন কাঠামোটি গত জুলাই মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ৫৩ বছরের ব্যবধানে এ নিয়ে নয়টি বেতন স্কেল চালু হলো।

আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য খবর হলো, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর জানুয়ারিতে যে স্থগিতাদেশ আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একটি ফেডারেল আদালতের নির্দেশের পর ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। ফলে এই দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া আবার শুরু হবে।

ক্রীড়া জগতে আজকের আলোচিত নাম তাওহিদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনি ট্রিপল সেঞ্চুরি করেছেন। এর আগে গতকাল তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি এই ডানহাতি ব্যাটসম্যান।

বিনোদন জগতের বড় খবর হলো, বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর আজ শুরু হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে তারকাদের চেয়ে বড় আকর্ষণ যুদ্ধ, রাজনীতি, ক্ষমতা ও অস্থির পৃথিবীর গল্প। ‘ইঙ্ক’ সিনেমা দিয়ে পর্দা উঠবে এই উৎসবের। রবার্ট প্যাটিনসন, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজ, হাভিয়ের বারদেমের মতো পরিচিত মুখরা থাকবেন। তবে আলোচনার কেন্দ্রে এবার গাজা নিয়ে নির্মিত সিনেমা, ইউক্রেন, রাশিয়া ও দমন-পীড়নের গল্প।