সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কোরআন ও সুন্নাহর সঙ্গে বিলটির বিধান সাংঘর্ষিক বলে দাবি করে তা সংশোধনের জোরালো আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। একই সঙ্গে মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে জড়িত যেকোনো আইন প্রণয়ন বা সংশোধনের আগে আলেম-ওলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণকে অপরিহার্য বলে মনে করছে তারা।

রোববার সকালে রাজধানীতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুসলিমদের হেবা বা দানসংক্রান্ত বিষয়ে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে সংগঠনটি। ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তাড়াহুড়ো করে বিলটি পাস করায় এর তীব্র নিন্দা জানানো হয়েছে।

হেফাজতের নেতাদের ভাষ্য, মুসলিমপ্রধান দেশে ইসলামি শরিয়াহবিরোধী কোনো আইন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই বিলটি সংশোধন করা জরুরি বলে মনে করছেন তারা। সংসদে বিল উত্থাপনের আগেই সরকারের উচিত ছিল ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া। কোরআনের নিজস্ব আইনি কাঠামোকে এড়িয়ে নিজেদের মতো করে আইন প্রণয়ন শরিয়াহ অবজ্ঞার শামিল বলেও অভিমত ব্যক্ত করা হয়েছে।

তবে রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে অস্বীকার করছে না সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা, ইসলামি আইনবিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া অপরিহার্য। সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল নিয়ে আইনমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করা হয়েছে এই সভায়।

হেফাজতের নেতারা আরও বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্ব। শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পাস হওয়া বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। সরকারের কাছে আলোচনার মাধ্যমে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত থেকে রক্ষা করা হোক।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিলটি সংশোধনের দাবিতে হেফাজতে ইসলামের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। সেই দলে হেফাজতের নেতাদের পাশাপাশি ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদেরও রাখার কথা বলা হয়েছে। সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে। নতুন এই আইনে সম্পত্তি দানের পরও দাতা জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগের অধিকার রাখতে পারবেন বলে বিধান রাখা হয়েছে।