শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, যদি তা না করা হয়, তবে দেশের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হতে পারে।

রোববার দুপুরে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামতো নির্দেশনা দেওয়া হতো। ফলে প্রায় দুই দশক দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কারণে দেশ পিছিয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।

রশিদুজ্জামান মিল্লাত উল্লেখ করেন, ফ্যাসিস্টরা যদি আরও দুই-তিন বছর ক্ষমতায় থাকত, তাহলে বাংলাদেশের অবস্থা সিকিমের মতো হয়ে যেত। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও ২০২৪ সালে সার্বভৌমত্ব পাওয়া গেছে। এই অর্জনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণ রাখতে হবে এবং তাঁদের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

সভায় শেরপুরের গারো পাহাড় এলাকায় পর্যটন বিকাশের বিষয়েও আলোকপাত করেন মন্ত্রী। তিনি জানান, সেখানে পর্যটন করপোরেশনের উদ্যোগে পর্যটন স্পট, হোটেল ও মোটেল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন ওরফে প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন মো. শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং র্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের প্রতিনিধিরা। এ ছাড়া বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারাও সভায় অংশ নেন।