সম্পর্ক সুন্দর রাখতে সাধারণত রোমান্টিক ডিনার, দামি উপহার কিংবা ভ্রমণে যাওয়ার কথা ভাবা হয়। তবে মনোবিদ ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, অত্যন্ত সাধারণ ও মৌলিক কিছু অভ্যাস সম্পর্কের ভিত আরও মজবুত করতে পারে, যার অন্যতম উদাহরণ হলো একসঙ্গে হাঁটা। বর্তমানে এই ধারণার নাম দেওয়া হয়েছে ‘রিলেশনশিপ ওয়াকিং’।

পায়ের স্বাস্থ্যবিষয়ক মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক কোর্টনি কনলি সম্প্রতি ডা. রঙ্গন চ্যাটার্জির ‘ফিল বেটার, লিভ মোর’ পডকাস্টে হাঁটার এই সামাজিক ও মানসিক গুরুত্ব তুলে ধরেন। তার মতে, হাঁটা কেবল শরীরের ব্যায়াম নয়, বরং এটি মানুষের মধ্যে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম। তিনি নিজের জীবনের উদাহরণ দিয়ে জানান, তার ১৪ বছর বয়সী মেয়ের সঙ্গে সাধারণ আলাপচারিতায় যখন এক শব্দের উত্তরে কথা শেষ হয়ে যেত, তখন একসঙ্গে হাঁটতে বের হওয়ার পর মেয়েটি স্বতঃস্ফূর্তভাবে বিস্তারিত গল্প করতে শুরু করে।

‘রিলেশনশিপ ওয়াকিং’ মূলত সঙ্গী, সন্তান, বন্ধু বা বাবা-মায়ের সঙ্গে নিয়মিত হাঁটাচলার একটি অভ্যাস। এখানে মূল লক্ষ্য কেবল শরীরচর্চা করা নয়, বরং হাঁটতে হাঁটতে কথা বলা, একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করা। এর ফলে তৈরি হয় একটি গভীর ও স্বাস্থ্যকর মানসিক সংযোগ। বিশেষজ্ঞ কোর্টনি কনলির মতে, সরাসরি চোখে চোখ রেখে কথা বলার চাপ না থাকায় এবং চারপাশের পরিবেশের প্রভাবে মানুষ হাঁটতে হাঁটতে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে। এছাড়া শারীরিক নড়াচড়া ও রক্তপ্রবাহের পরিবর্তনও এই প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে মাত্র একদিন ৪০ মিনিট একসঙ্গে হাঁটলেও সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।

এই বিষয়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার তথ্য পাওয়া গেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, একসঙ্গে হাঁটার সময় দুজনের পদক্ষেপের ছন্দের মিল পারস্পরিক সহমর্মিতা এবং বিরোধ নিষ্পত্তির মানসিকতা তৈরি করে। একইভাবে ২০২০ সালের একটি গবেষণায় জানানো হয়েছে, পা মিলিয়ে হাঁটা এবং কথা বলার পালাবদল পারস্পরিক ইতিবাচক ধারণা তৈরিতে সাহায্য করে। অন্যদিকে, ২০২১ সালে ২৩২ দম্পতির ওপর পরিচালিত এক দীর্ঘমেয়াদি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সপ্তাহে অন্তত দুই দিন ৩০ মিনিট করে হাঁটলে সম্পর্কের সন্তুষ্টি ও অঙ্গীকার বৃদ্ধি পায়।

মানসিক সম্পর্কের পাশাপাশি হাঁটার ব্যাপক শারীরিক উপকারিতাও রয়েছে। ২০২৫ সালে ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’ সাময়িকীতে প্রকাশিত ৫৭টি গবেষণার বিশ্লেষণে দেখা গেছে, যারা প্রতিদিন ২ হাজার স্টেপের তুলনায় ৭ হাজার স্টেপ হাঁটেন, তাদের মৃত্যুঝুঁকি ৪৭ শতাংশ কম। এছাড়া হাঁটার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিস, হৃদ্‌রোগ, বিষণ্নতা এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমে। এটি রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ঘুমের মান উন্নত করে এবং মানসিক চাপ কমিয়ে মেজাজের পরিবর্তন আনে। পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে চলাফেরার সক্ষমতা বজায় রাখতেও হাঁটার কোনো বিকল্প নেই।