ভ্রমণের সংজ্ঞায় পরিবর্তন আসছে; এখন কেবল গন্তব্যের চেয়ে সেখানে কী ধরনের অভিজ্ঞতা পাওয়া গেল, তা হয়ে উঠেছে অধিক গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের পর্যটন খাতের সম্ভাব্য প্রবণতা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, প্রযুক্তির উৎকর্ষতা বাড়লেও মানুষ প্রকৃতি এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ খুঁজছে।

ভবিষ্যৎ পর্যটকদের মাঝে রহস্যময় এবং কল্পনানির্ভর স্থানের প্রতি আকর্ষণ বাড়বে। প্রাচীন ধ্বংসাবশেষ বা লোকগাথা সমৃদ্ধ ভূখণ্ডে ভ্রমণের আগ্রহ তৈরি হবে। বুকিং ডটকম-এর এক জরিপে দেখা গেছে, প্রায় ৬৫ শতাংশ পর্যটক অতিপ্রাকৃত অভিজ্ঞতা বা ভৌতিক ইতিহাসের সঙ্গে যুক্ত স্থানে যেতে আগ্রহী, যা তাঁদের দৈনন্দিন একঘেয়েমি থেকে মুক্তির পথ দেখাবে।

দলগত ভ্রমণের ধরনেও আসছে পরিবর্তন। এখন বন্ধুদের সঙ্গে ভ্রমণে কেবল বিনোদন নয়, বরং আত্ম-অনুসন্ধান এবং মানসিক সুস্থতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ক্যাম্পিং বা হাইকিংয়ের মতো কর্মকাণ্ডের মাধ্যমে একাকিত্ব এবং কাজের চাপ নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। এছাড়া, ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে শৈশবের আনন্দ ফিরে পাওয়ার প্রবণতা বাড়ছে। এক্সপিডিয়ার তথ্যমতে, ৫৭ শতাংশ পর্যটক থিম পার্ক বা রাইডের মতো ছোটবেলার পছন্দের কাজে সময় কাটাতে চান, যার হার মিলেনিয়াল এবং জেন-জি প্রজন্মের মধ্যে ৭১ শতাংশ।

প্রযুক্তির প্রভাব থাকলেও মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য দিতে পারলেও বাস্তব অভিজ্ঞতার অভাব রয়েছে, তাই পর্যটকরা এখন স্থানীয় মানুষ বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বেশি পছন্দ করছেন। পাশাপাশি, শখ পূরণের জন্য ভ্রমণের প্রবণতা বাড়ছে। হিলটনের এক প্রতিবেদন অনুযায়ী, জেনারেশন জেড-এর মধ্যে নতুন কোনো দক্ষতা বা শখ শিখে বাড়ি ফেরার আগ্রহ বেবি বুমারদের তুলনায় দ্বিগুণ।

পরিকল্পিত ভ্রমণের বদলে এখন অনেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়াকে গুরুত্ব দিচ্ছেন। নির্দিষ্ট রুট মেনে সব জায়গা ঘোরার চেয়ে একটি স্থানে দীর্ঘ সময় কাটিয়ে স্থানীয় সংস্কৃতিতে মিশে যাওয়ার আগ্রহ বাড়ছে। এছাড়া 'ট্রিপ স্ন্যাকিং' বা এক রাতের স্বল্পমেয়াদী ভ্রমণের জনপ্রিয়তা বাড়ছে। হোটেলস ডটকম-এর জরিপ অনুযায়ী, ৭৯ শতাংশ মানুষ আগামী বছর অন্তত এক রাতের জন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, যা জেন-জি এবং মিলেনিয়ালদের মধ্যে ৮৩ শতাংশ।

ব্যতিক্রমী বা অনন্য অভিজ্ঞতার খোঁজে অনেকে এখন 'আনরিপিটেবল ট্রাভেল' বা অদ্বিতীয় অভিজ্ঞতার দিকে ঝুঁকছেন, যা সাধারণ পর্যটকদের জন্য সহজলভ্য নয়। একই সঙ্গে 'সিটিজেন সায়েন্স' বা নাগরিক বিজ্ঞানের ধারণা জনপ্রিয় হচ্ছে, যেখানে পর্যটকরা বন্যপ্রাণী পর্যবেক্ষণ বা পরিবেশগত তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণায় অংশ নিচ্ছেন।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন পর্যটকদের গন্তব্য নির্বাচনে বড় ভূমিকা রাখছে। চরম আবহাওয়া মোকাবিলায় কোন স্থানটি বেশি নিরাপদ, তা বিবেচনা করা হচ্ছে। পরিশেষে, পরিবেশবান্ধব অথচ আরামদায়ক ভ্রমণের ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে। বিলাসিতা ত্যাগ না করেই টেকসই ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে, যার উদাহরণ হিসেবে ইউরোপের বিলাসবহুল ট্রেন ভ্রমণকে দেখা যাচ্ছে।