ই-সিগারেট বা ভ্যাপিং কোনোভাবেই ধূমপান ছাড়ার নিরাপদ বা কার্যকর বিকল্প হতে পারে না। বরং এর ব্যবহার ফুসফুসের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি প্রথম আলো ট্রাস্টের আয়োজনে কারওয়ান বাজার কার্যালয়ে অনুষ্ঠিত ১৭৮তম অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় এই সতর্কবার্তা প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।
আলোচনায় ডা. মোহিত কামাল ফুসফুসের গুরুত্ব বর্ণনা করে বলেন, জন্মলগ্ন থেকেই ফুসফুস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি অত্যন্ত মূল্যবান অঙ্গ, যা রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে বর্তমান সময়ে ভ্যাপিংয়ের প্রভাবে বিশ্বজুড়ে ‘ইভেলি’ (EVALI - E-cigarette or Vaping Associated Lung Injury) নামক এক নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগটি মূলত ই-সিগারেট বা ভ্যাপিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত।
তিনি আরও ব্যাখ্যা করেন যে, ভ্যাপিংয়ের মাধ্যমে ফুসফুসে যে রাসায়নিক বাষ্প প্রবেশ করে, তা ফুসফুসের ভেতরে থাকা বায়ুথলিগুলোকে স্থায়ীভাবে নষ্ট করে দেয়। এই আশঙ্কাজনক পরিস্থিতির কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) বর্তমানে অত্যন্ত উদ্বিগ্ন। ফুসফুসের এই অপূরণীয় ক্ষতি থেকে বাঁচতে এবং সুস্থ জীবন নিশ্চিত করতে ই-সিগারেট ও ভ্যাপিং থেকে সম্পূর্ণ দূরে থাকার আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসক।




