রাজধানীর আদালতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়ে গেল। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। এই নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার স্থগিত হলো। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি। সাগর তখন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন, আর রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরে দায়িত্ব পায় ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তদন্তের ভার নেয় র্যাব। ঘটনার এক যুগ পর গত বছরের নভেম্বরে র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়ে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই।
দীর্ঘ ১৩ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় বারবার আলোচনায় এসেছে ঘটনাটি। আদালত প্রতিবার নতুন তারিখ দিলেও তদন্ত সংস্থা নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হচ্ছে। এই মামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এখনও কোনো অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।



