ব্রাহ্মণবাড়িয়া শহরের মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ‘প্রয়াস’-এ চিকিৎসাধীন এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলার আবেদন জমা পড়েছে আদালতে। গত সোমবার নিহত মো. ফোরকান মিয়ার বাবা আবদুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। আবেদনে কেন্দ্রটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ইকরামুল হক ওরফে রুবেলকে (৪৫) প্রধান আসামি করে মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার আবেদনে অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন কেন্দ্রটির পরিচালক নরসিংদীর প্রমোদ কুমার বর্মন (৪৬), শহরের কান্দিপাড়া এলাকার রিয়াদ আহমদ ওরফে রকসি (২৫), সাথি (৩০), আরিফ (৩২), সাকিব (২৫) ও শাহরিয়ার (৩৩)। বাদীপক্ষের আইনজীবী আবদুল হাই জানান, আদালতের বিচারক আফনান সুমী এ ঘটনায় অপমৃত্যুর মামলা ও সাধারণ ডায়েরি হয়েছে কি না তা যাচাই করে তদন্ত প্রতিবেদন দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
উল্লেখ্য, জেলার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের বাসিন্দা মো. ফোরকান (২৯) কাতারপ্রবাসী ছিলেন। ছয় মাস আগে ছুটিতে দেশে ফেরার পর মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। গত ১৮ আগস্ট রাতে কেন্দ্রটির পরিচালকদের বিরুদ্ধে ফোরকানকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এরপর ১৯ আগস্ট দুপুরে এলাকাবাসী কেন্দ্রটিতে ভাঙচুর চালালে সেখানে চিকিৎসাধীন ৪০ জন রোগী পালিয়ে যান। এই ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার ২০ আগস্ট কেন্দ্রটি পরিদর্শন করে ব্যাপক অনিয়মের প্রমাণ পান, যেখানে কোনো চিকিৎসক ছাড়াই কার্যক্রম চলছিল বলে জানা যায়।




