জাতীয় সংসদের ট্রেজারি বেঞ্চের নতুন আসনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সদ্য বিদায়ী স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খালি হওয়া চেয়ারে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে এই নতুন বিন্যাস দেখা যায়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটি এখন সালাহউদ্দিনের দখলে। এর ফলে তাঁকে সংসদের উপনেতা করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসনবিন্যাস পরিবর্তনকে সরাসরি উপনেতা নিয়োগের সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না। কিন্তু গুরুত্বপূর্ণ এই আসনে বসানোকে ইঙ্গিতবহ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একটি বড় অংশ।

এদিকে উপনেতা পদ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি। কে উপনেতা হবেন, তা ঠিক করার এখতিয়ার একান্তভাবেই সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর। মির্জা ফখরুলের সংসদ ছাড়ার পর তাঁর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি একই সঙ্গে মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেও ইস্তফা দিয়েছেন। এর আগে ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে প্রধানমন্ত্রীর পরেই বসতেন মির্জা ফখরুল। তাঁর পরের সারিতে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চতুর্থ আসনে সালাহউদ্দিন আহমদ। নতুন বিন্যাসে সালাহউদ্দিন এখন প্রধানমন্ত্রীর ঠিক পাশের আসনে উঠে এসেছেন। তাঁর পরের আসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন।

সালাহউদ্দিনের আগের আসনে এখন বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। ট্রেজারি বেঞ্চের প্রথম সারির ১০টি আসনের নতুন সাজে পেছনের সারি থেকে সামনে এসেছেন স্থায়ী কমিটির নতুন সদস্য আমানউল্লাহ আমান। অন্যান্য নেতাদের আসনেও পরিবর্তন আনা হয়েছে। এই পুনর্বিন্যাসকে দলের ভেতরে নবীন-জ্যেষ্ঠদের অবস্থান পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন কেউ কেউ।

সালাহউদ্দিনের রাজনৈতিক ও সরকারি অবস্থান বিবেচনায় তাঁর এই আসনপ্রাপ্তি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। দলের সম্ভাব্য মহাসচিব হিসেবেও তাঁর নাম শোনা যাচ্ছে। সরকার ও দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই নেতাকে সংসদীয় কার্যক্রমে আরও বড় ভূমিকায় আনার পরিকল্পনা থাকতে পারে বলে আলোচনা চলছে।

সংসদের উপনেতা পদটি সংসদ নেতার সহায়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ নেতার অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব উপনেতাকেই পালন করতে হয়। অতীতে ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের এই পদে নিয়োগের নজিরও রয়েছে। মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসানো নিছক আসন বদল নাকি তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়ার প্রস্তুতি—তা স্পষ্ট হবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণার পর। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। উপনেতা নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার বলেও জানান তিনি।