নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই সপ্তাহেই মিয়ানমার সরকারের রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের বিষয়ে চূড়ান্ত রায় প্রদান করতে পারে। তবে এই রায়ের প্রাক্কালে আইসিজের বিচারকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, আদালত যদি মিয়ানমারের কর্মকাণ্ডকে 'জেনোসাইড' বা জাতিগত নিধন হিসেবে স্বীকৃতি দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আইসিজের বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই বিচারক প্যানেলে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইও রয়েছেন। সম্ভাব্য এই নিষেধাজ্ঞার মুখে বিচারকেরা এখন নিজেদের ব্যক্তিগত সম্পদ কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন।
আইসিজের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করে রায় দেওয়া হয়নি। জেনোসাইড প্রমাণের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো অপরাধের 'অভিপ্রায়' প্রমাণ করা। রোহিঙ্গাদের পক্ষে নিয়োজিত আইনজীবীদের দাবি, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের ধরন এবং পালিয়ে যাওয়ার পথে সাধারণ মানুষকে হত্যা প্রমাণ করে যে, এটি একটি সুপরিকল্পিত গোষ্ঠী ধ্বংসের চেষ্টা ছিল। অন্যদিকে, মিয়ানমার সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছে, তাদের অভিযান ছিল কেবল বিদ্রোহী দমনে।
ওয়াশিংটনের উদ্বেগের মূল কারণ হলো, যদি আইসিজে জাতিগত নিধনের পক্ষে রায় দেয়, তবে এতে প্রমাণের আইনি মানদণ্ড শিথিল হতে পারে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ গবেষণা প্রতিষ্ঠান 'ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস' (এফডিডি) সতর্ক করেছে যে, এমন রায় এলে যুক্তরাষ্ট্র আইসিজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়, এই রায়ের ফলে একটি আন্তর্জাতিক নজির তৈরি হবে, যার সুযোগ নিয়ে ভবিষ্যতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকেও জাতিগত নিধনের আওতায় আনা হতে পারে।
বিশেষ করে গাম্বিয়ার পক্ষে নিয়োগপ্রাপ্ত অস্থায়ী বিচারক নাভি পিল্লাইকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎস। তাঁর অভিযোগ, পিল্লাই বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করছেন যাতে গণহত্যার আইনি মানদণ্ড শিথিল হয়। ওয়াল্টসের মতে, এই শিথিল মানদণ্ড ভবিষ্যতে সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত মার্কিন ও মিত্রদেশগুলোর সেনাদের বিরুদ্ধে 'আইনকে অস্ত্র' হিসেবে ব্যবহার করার পথ প্রশস্ত করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও আন্তর্জাতিক আইনকে 'বিশ্ব অভিজাতদের স্বার্থসিদ্ধির হাতিয়ার' বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর বিচারকদের ওপর যুক্তরাষ্ট্র ইতিপূর্বেই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কারণ আইসিসি মার্কিন সেনাদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছিল। তবে সম্প্রতি আইসিসি আফগানিস্তানে মার্কিন সেনা ও গোয়েন্দাদের বিরুদ্ধে তদন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিস্থিতি কিছুটা প্রশমিত করতে পারে।
মিয়ানমারের এই মামলায় যুক্তরাজ্যসহ ইউরোপের আরও পাঁচটি দেশ তাদের লিখিত বক্তব্যে জানিয়েছে, জাতিগত নিধন প্রমাণের ক্ষেত্রে কেবল হত্যাকাণ্ড নয়, বরং লিঙ্গভিত্তিক সহিংসতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো পরিস্থিতিগুলো সামগ্রিকভাবে বিবেচনা করা উচিত। যদিও সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সময়ে যুক্তরাষ্ট্র মিয়ানমারের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছিল, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইসিজের রায়ের বিপরীতে ওয়াশিংটনের অবস্থান অত্যন্ত কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে।




