বিখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি অসাধারণ শিল্পকর্ম ১৯০.৪ মিলিয়ন (প্রায় ১৪৪.৮ মিলিয়ন পাউন্ড) ডলারে বিক্রি হয়েছে, যা এখন পর্যন্ত তার করা সবচেয়ে দামি বিক্রির রেকর্ড। নিউ ইয়র্কের সোথবিস (Sotheby's) নিলামকেন্দ্রে বুধবার এই ঐতিহাসিক লেনদেনটি সম্পন্ন হয়। এর আগে ২০২২ সালে তার একটি কাজ ১১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল, যা এবার ছাড়িয়ে গেল।

'চাতাইনিয়েস এন ফ্লেয়ার্স' (Chestnut Trees in Blossom) শিরোনামের এই তৈলচিত্রটি ১৮৯০ সালে ভ্যান গঘের জীবনের শেষ দুই মাসের মধ্যে আঁকা হয়েছিল। সোথবিসের মতে, ব্যক্তিগত মালিকানায় থাকা ওই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলোর মধ্যে এটি অন্যতম। নিলামের আগে এই পেইন্টিংটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ১৮০ মিলিয়ন ডলার। তবে শেষ পর্যন্ত তা প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়। বর্তমানে কার হাতে এই শিল্পকর্মটি গেল, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

তবে এই বিক্রির পথটি সহজ ছিল না। পেইন্টিংটি নাৎসি আমলের এক বিতর্কিত ইতিহাস এবং চাপের মুখে বিক্রির দাবির মুখে পড়েছিল। ব্লাকুইয়ার-আরিয়েটা কালেকশনের অংশ হিসেবে এটি যখন নিলামে তোলা হয়, তখন আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীরা দাবি করেন যে, নাৎসিদের উত্থানের সময় চরম চাপের মুখে এই চিত্রটি বিক্রি করতে হয়েছিল। ফিশার পরিবারের আইনজীবীর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসিদের কারণে তাদের প্রকাশনা সংস্থা আর্থিক ক্ষতির মুখে পড়লে আমস্টারডামে এটি বিক্রি করা হয়।

নিলাম শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্লাকুইয়ার-আরিয়েটা পরিবার এবং ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে একটি সমঝোতা হয়। সোথবিস এক বিবৃতিতে জানিয়েছে, হলকাস্টের সময় ফিশার পরিবারের দুর্ভোগ এবং পেইন্টিংটির জটিল নাৎসি আমলের ইতিহাসের কথা বিবেচনা করে দুই পরিবার একটি পারস্পরিক সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছেছে। এই চুক্তির আলোকেই চিত্রটি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সোথবিসের দেওয়া তথ্যানুসারে, ১৯০৯ সালে প্রখ্যাত জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার এটি সংগ্রহ করেছিলেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর এটি পারিবারিক উত্তরাধিকার সূত্রে চলে যায়। ১৯৩২ বা ১৯৩৩ সালের দিকে এটি আমস্টারডামের পল ক্যাসিয়ারের কাছে জমা রাখা হয় এবং ১৯৩৬ সালে প্যারিসের হেনরিয়েট ও মার্সেল কাপফেরেদের কাছে হস্তান্তরিত হয়। এরপর আরও চারজন মালিকের হাত ঘুরে ১৯৭৫ সালে ব্লাকুইয়ার পরিবার এটি সংগ্রহ করে এবং গত অর্ধশতাব্দীর বেশি সময় ধরে তাদের অধিকারে ছিল পেইন্টিংটি।